বিয়েতে আগ্রহী নন বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা বসু
বিপাশা বসু

বলিউডের প্রেমের চিরায়ত রীতি ভেঙে প্রেমের কথা স্বীকার করেছেন বিপাশা বসু ও হারমান বাওয়েজা। সম্প্রতি এই জুটির বাগদানের খবর চাউর হয়। বাগদানের খবরকে হেসে উড়িয়ে দিয়েছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু। শুধু তাই নয়, আপাতত বিয়ে করার কোনো রকম ইচ্ছে নেই বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘বিয়ে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমি অনেক শ্রদ্ধা করি। কিন্তু প্রতিটি মানুষের জীবনেই বিয়ের সঠিক একটি সময় আসে। আমার জীবনেও সঠিক সেই সময় এলে বিয়ের কাজ সেরে ফেলব আমি।’
বিপাশা আরও বলেন, ‘সামনে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ করতে হবে আমাকে। পাশাপাশি আরও অনেক কাজ করতে হবে আমাকে যেগুলোর কথা এই মুহূর্তে বলতে চাচ্ছি না আমি।’ সম্প্রতি পিটিআই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটিই জানিয়েছেন বিপাশা।
আজ শুক্রবার মুক্তি পেয়েছে বিপাশা অভিনীত নতুন ছবি ‘ক্রিয়েচার থ্রিডি’। এই মুহূর্তে ছবিটির সাফল্যের জন্য প্রার্থনা করছেন বলেই জানিয়েছেন বিপাশা। তাঁর অভিনীত শেষ দুটি ছবি ‘আত্মা’ এবং ‘হামসকলস’ বক্স অফিসে আশানুরূপ সাফল্যের মুখ দেখেনি। এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘আমার অভিনীত ‘‘আত্মা’’ ছবিটি ভালো ব্যবসা না করায় আমি খুবই ব্যথিত হয়েছি। আমার ধারণা, ছবিটির প্রচারণার ক্ষেত্রে ঘাটতি ছিল।’
বিপাশা আরও বলেন, ‘ছবিটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছি আমি। ছবিটি দেখার পর অনেকেই আমাকে জানিয়েছেন, তাঁরা আমাকে মায়ের চরিত্রে দেখতে প্রস্তুত ছিলেন না। যাই হোক, ছবিটিতে অভিনয় করে আমার ভালো লেগেছে। ছবিটি নিয়ে আমার ভেতর কোনো আক্ষেপ নেই।’

তবে ‘‘হামসকলস’’ ছবিতে অভিনয় করায় নিজের ভেতর অনেক আক্ষেপ রয়েছে বলেই জানিয়েছেন বিপাশা। তাঁর মতে, ‘ছবিটির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আসলে ছবিটির গল্প-ভাবনা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। শুরু থেকেই আমি বুঝিনি, ছবিটিতে আমি কী করছি এবং শেষ পর্যন্ত আমার চরিত্রের পরিণতি কি হতে চলেছে। ছবির গল্প এবং চরিত্র সম্পর্কে ধারণা না থাকার কারণেই আমি ছবিটির প্রচারণায় অংশ নিইনি।’