বিরাটকে নিয়ে আনুশকাকে আমিরের খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান-আনুশকা শর্মা-বিরাট কোহলি
আমির খান-আনুশকা শর্মা-বিরাট কোহলি

‘পিকে’ ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন ‘ব্যান্ড বাজা বারাত’ তারকা আনুশকা শর্মা। অনেক দিন থেকেই আনুশকার সঙ্গে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের জোর গুঞ্জন চলছে। সম্প্রতি বিরাটের মা সরোজসহ পরিবারের অন্য সদস্যরা আনুশকার বাড়িতে গিয়ে তাঁর অভিভাবকদের সঙ্গে দেখা করেছেন বলে খবর চাউর হয়। বিরাট-আনুশকা বাগদানপর্ব সারতে যাচ্ছেন বলেও গুঞ্জন ওঠে। গত পরশু ‘পিকে’ ছবির সহ-অভিনেতা আমিরের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আনুশকা প্রশ্নের মুখে পড়লে আমিরও মজার ছলে জানতে চান, বিরাট ও আনুশকা থিতু হতে যাচ্ছেন কি না।
আমির খান ও আনুশকা শর্মা অভিনীত ‘পিকে’ ছবির টিজার মুক্তি উপলক্ষে ২৩ অক্টোবর বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজির হন আমির ও আনুশকা। উপস্থিত গণমাধ্যমকর্মীরা এ দুই তারকাকে নানা প্রশ্নের একপর্যায়ে আনুশকার কাছে জানতে চান, তিনি ও বিরাট কোহলি থিতু হতে চলেছেন কি না। প্রশ্নটি এড়িয়ে যাওয়ার জন্য আনুশকা বলেন, ‘আমার মনে হয়, এই প্ল্যাটফর্ম বিষয়টি নিয়ে কথা বলার জন্য নয়।’ এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আনুশকার এই জবাবে উপস্থিত আর সবার মতো আমিরও সন্তুষ্ট হতে পারেননি। আনুশকার জবাব শোনার পর তাঁকে রীতিমতো খোঁচান শুরু করেন আমির। আমির মজা করে বলেন, ‘চলুন আমরা সবাই অন্য প্ল্যাটফর্মে যাই। তাহলে এই প্রশ্নের জবাব পাওয়া যাবে। আমরা প্রত্যেকেই বিষয়টি জানতে চাই। প্ল্যাটফর্ম পরিবর্তন করে হলেও এই প্রশ্নের জবাব আমাদের পেতেই হবে।’
আমিরের খোঁচা নীরবেই হজম করেন আনুশকা। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি। ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কেবল ‘পিকে’ ছবি-সংক্রান্ত প্রশ্নেরই জবাব দেন ২৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

আরও পড়ুন: