বিরিয়ানি বদলেছে কিয়ারার গাল!

কিয়ারা আদভানিক
কিয়ারা আদভানিক

‘লাস্ট স্টোরিজ’ ছবির পর থেকে কিয়ারা আদভানিকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনার শেষ নেই। নেটফ্লিক্সের জন্য নির্মিত এই ওয়েব ছবি কিয়ারাকে নতুন করে সবার সামনে তুলে ধরেছে। এই অভিনেত্রী এখন যেখানেই যাচ্ছেন তাঁর পেছনে ছুটছে পাপারাজ্জিরা, থেমে থেমে জ্বলে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ। তাঁর ফ্যাশন-জ্ঞান নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। এ কারণেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের (উপহাস) শিকার হলেন কিয়ারা।

সম্প্রতি এক ভারতীয় আলোকচিত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারার একটি ছবি দিয়ে জানালেন, কিয়ারা নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের গালের ‘শেপ’ বদলেছেন। এর জবাবে কিয়ারা জানিয়েছেন, কোনো সার্জারি নয়, গালের ‘শেপ’ বদলে যাওয়ার কারণ হলো বিরিয়ানি!

কিছুদিন আগে এক অনুষ্ঠানের লালগালিচায় তোলা কিয়ারার একটি ছবি এক ভারতীয় আলোকচিত্রীর নজরে পড়ে। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে ওই আলোকচিত্রী লেখেন, ‘কিয়ারা তাঁর গালে যে কাজটি করিয়েছেন, সেটা ঠিক হয়নি।’ এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় হাসাহাসি আর সমালোচনা। কেউ বলেছেন, ‘এত অপরূপ মেয়েটা কী করল এটা!’ কেউ আবার বলেছে, ‘খুব অন্যায় করেছেন কিয়ারা।’ এসব দেখে ও পড়ে চুপ থাকতে পারেননি ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। ওই ছবি নিজের ইনস্টাগ্রাম পাতায় দিয়ে কিয়ারা লেখেন, ‘শান্ত হোন সবাই। না জেনেই কোনো কিছুর মন্তব্য করবেন না। শুনে হাস্যকর লাগতে পারে, কিন্তু সত্যিটা হলো কোনো চিকিৎসকের সাহায্যে আমার গালের “শেপ” বদলাইনি। এই ছবি তোলার আগে কয়েক দিন টানা বিরিয়ানি খেয়েছিলাম। এ জন্যই গালটা একটু ভরা ভরা লাগছে!’

কিয়ারা এখন নাম ঠিক না হওয়া একটি তেলেগু ছবির কাজ নিয়ে ব্যস্ত। এটা শেষ হলেই যোগ দেবেন তারকাবহুল কলঙ্ক ছবির শুটিংয়ে। এই ছবিতে কিয়ারাকে দেখা যাবে মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সোনাক্ষি সিনহার সঙ্গে। তা ছাড়া আরেক তারকাবহুল ছবি গুড নিউজ-এ কিয়ারা কাজ করতে যাচ্ছেন। ওই ছবিতে তিনি অভিনয় করবেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে। সূত্র: আইএএনএস