বিশেষ জাহাজে আমির-ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান ও ক্যাটরিনা কাইফ
আমির খান ও ক্যাটরিনা কাইফ

আমির খান ও ক্যাটরিনা কাইফ ‘ধুম ৩’-এর পর আবারও জুটিবদ্ধ হচ্ছেন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে। এই ছবির বড় চমক হলো, ‘বিগ বি’ অমিতাভ বচ্চন ও আমির এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করছেন। আগামী জুনের প্রথম সপ্তাহ থেকেই ক্যাট ও আমির সিনেমার শুটিং শুরু করবেন। তাঁদের শুটিং হবে এই ছবির জন্য বিশেষভাবে তৈরি বিশাল দুই জাহাজে। মাল্টায় ইতিমধ্যেই পাড়ি জমিয়েছে জাহাজ দুটি।

‘থাগস অব হিন্দুস্তান’-এর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য জানান, সমুদ্রের মাঝে এই ছবির শুটিং হবে। এর জন্য কড়া নিরাপত্তা নিয়েছেন তাঁরা। আঠারো শতকের শুরুর দিকের জাহাজগুলোর আদলেই তৈরি করা হয়েছে এই দুটি জাহাজ। এগুলো নির্মাণে দুই মাসেরও বেশি সময় লেগেছে। আর এর পেছনে কাজ করেছে আন্তর্জাতিক নাবিক দল। তিনি আরও জানান, জাহাজে চিত্রায়িত বেশির ভাগ দৃশ্যই অ্যাকশনধর্মী।

অমিতাভ-আমিরের এই ছবি একের পর এক শুধু চমকই দিয়ে যাচ্ছে। এটি ক্যাটরিনার অভিনীত প্রথম ঐতিহাসিক ছবি। সিনেমার আরেক নায়িকা হলেন ফাতিমা সানাহ শেখ। সানাহ আবার তাঁর ঠিক আগের ছবি ‘দঙ্গল’-এ আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

গতকাল ‘থাগস অব হিন্দুস্তান’-এর লোগো প্রকাশ করা হয়েছে। জুনের ৫ তারিখ থেকে ছবির শুটিং শুরু হবে। আর এটি মুক্তি দেওয়া হবে ২০১৮ সালের দিওয়ালিতে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস