বিশ্রাম নেই সোনমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

চিকিৎসকদের কড়া বারণ—দৌড়ঝাঁপ চলবে না। কিন্তু তাতে কি আর কান দিলে চলে। ব্যস্ততা যে একটুও অবসর দিচ্ছে না। আর তাই পূর্ণ বিশ্রামের পরামর্শ আপাতত কানে ঢোকাচ্ছেন না সোনম কাপুর। বরং খুবসুরাত-এর প্রচারণার জন্য ছুটে বেড়াচ্ছেন। ভারতের জনপ্রিয় সব টিভি অনুষ্ঠানেও হাজিরা দিতে দেখা যাচ্ছে তাঁকে।
পিঠের ব্যথায় ভুগতে থাকা সোনমের মাংসপেশির খিঁচুনিজনিত সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা এ সময় বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু ছবির প্রচারণার পূর্বপ্রতিশ্রুতি রক্ষা করতে শেষ পর্যন্ত ফিজিওথেরাপির আশ্রয় নেন অনিল-কন্যা।
খুবসুরাত ভারতে মুক্তি পেতে চলা ডিজনির প্রথম ছবি। এ নিয়ে সোনমেরও অনেক আশা, ক্যারিয়ারটা এবার আসল গতি পাবে। সম্প্রতি ছবির প্রচারণায় ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি কারেগা’তে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। টিএনএন।