বিয়ে করছেন কারিশমা কাপুর

সহ-অভিনেতা অজয় দেবগনের সঙ্গে প্রেম, অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার পর শেষ পর্যন্ত ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন একসময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী কারিশমা কাপুর। কিন্তু টেকেনি সেই বিয়ে। সম্প্রতি এক খবরে মিড-ডে ডটকম জানিয়েছে, সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নতুন মনের মানুষের সন্ধান পেয়েছেন কারিশমা। সবকিছু ঠিক থাকলে এ বছরই বিয়ে করবেন কারিশমা ও একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দ্বীপ তোশনিওয়াল।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন কারিশমা। অন্যদিকে দুই সন্তানের জনক সন্দ্বীপও তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে তিনি বিচ্ছেদের আবেদনও করেছেন।
একজন বন্ধুর মাধ্যমে সন্দ্বীপের সঙ্গে কারিশমার প্রথম পরিচয় হয়। পরিচয়ের পর থেকেই একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন তাঁরা। সম্প্রতি সন্দ্বীপের সঙ্গে নিজের ৪০তম জন্মদিন উদযাপন করেছেন কারিশমা। চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পর্বটি সারতে চান কারিশমা ও সন্দ্বীপ। অবশ্য এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে কোনো রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানান সন্দ্বীপ।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সহ-অভিনেতা অজয় দেবগনের সঙ্গে কারিশমার প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে কারিশমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০২ সালের অক্টোবরে তাঁরা বাগদানের ঘোষণা দেন। কিন্তু মাত্র চার মাসের মাথায় তাঁদের বাগদান ভেঙে যায়। ২০০৩ সালের সেপ্টেম্বরে ধনাঢ্য ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাঁদের প্রথম মেয়ে সামায়রার জন্ম হয় ২০০৫ সালে। ২০১০ সালে দ্বিতীয় সন্তানের মা হন কারিশমা। রাজ কাপুরের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম তিনি রাখেন কিয়ান রাজ কাপুর।