বিয়ে করছেন সুশান্তর সাবেক প্রেমিকা অঙ্কিতা
বিয়ে করতে যাচ্ছেন অঙ্কিতা লোখান্ডে। প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। পরে সুশান্তর সঙ্গে প্রেমে জড়িয়ে যান তিনি। সুশান্তর মৃত্যুর পর বিপুল আলোচনায় উঠে আসে তাঁর নাম।
অঙ্কিতা বিয়ে করতে যাচ্ছেন প্রেমিক ভিকি জৈনকে। একপ্রকার মুখ ফসকেই সে কথা ফাঁস করে দিয়েছেন অঙ্কিতার সহ-অভিনেতা শাহির শেখ। তাঁর বিয়ের খবর নিয়ে এর আগেও নানা রকম গুঞ্জন শোনা গিয়েছিল মুম্বাইয়ের টেলিভিশন পাড়ায়।
ওটিটিতে শুরু হতে যাচ্ছে ‘পবিত্র রিশতা টু’। সাত বছর পর আবার পর্দায় ফিরছে সেই জনপ্রিয় ধারাবাহিক, যেখানে অভিনয়ের পরেই খ্যাতির মুখ দেখেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। সুশান্তর পরিবর্তে এবার ‘মানব’ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শাহির। এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘ধারাবাহিক শেষ হয়ে গেলে অঙ্কিতা বিয়ে করবেন ভিকিকে।’
অঙ্কিতা অবশ্য ব্যাপারটি অস্বীকার করেছেন। শাহিরকে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘সে রকম কোনো পরিকল্পনা নেই। আমি এখনই নতুন কিছু করছি না। তবে আগামী ফেব্রুয়ারি মাসে নতুন একটি পরিকল্পনা আছে।’
তিন বছর হলো প্রেম করছেন অঙ্কিতা। গত মে মাসে আরেক সাক্ষাৎকারে ভিকি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, বিয়ের চিন্তাভাবনা করছেন তিনি।