বিয়ে, তাই নাকি!

আপনার নাকি বিয়ে? প্রশ্নকর্তার কণ্ঠে সংশয় আর বিস্ময়ের মিশেল। তার চেয়ে বিস্মিত সালমান খানের উত্তর, ‘আমার বিয়ে, তাই নাকি!’
যার বিয়ে তার খবর নেই, গুজুবে সাংবাদিকদের ঘুম নেই। সল্লু বাবার বিয়ে নিয়ে আরও এক দফা নাটকের পর আবারও সেই একই অনুসিদ্ধান্ত। লুলিয়া ভানতুরের সঙ্গে বাগদান হয়ে গেছে, শিগগিরই বিয়ে করছেন—এমন গুঞ্জনকে সালমান উড়িয়ে দিলেন।
সংবাদমাধ্যমের খবর বিশ্বাস করলে এরই মধ্যে সালমানের ডজন খানেক বিয়ে তো হয়েছেই। কিন্তু ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়েও ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিতে যে তিনি নারাজ। এমনিতে এসব খবরে সালমান অভ্যস্ত হয়ে গেছেন। তবুও তিনি বিরক্ত, তাঁর মা-বাবার কথা ভেবে।
সালমান বলেছেন, ‘এসব ছোটখাটো ব্যাপার আর আমাকে বিরক্ত করে না। তবে আমার মা-বাবাকে বিরক্ত করে, আর এটা ভেবে আমিও বিরক্ত।’ বলেছেন, ‘দেখুন, ৫০ হাজারটা জিনিস নিয়ে আমাকে মাথা ঘামাতে হয়। মায়ের শরীরটা ভালো না, বাবারও কদিন আগে অস্ত্রোপচার হলো। এসব সামলানো খুবই কঠিন।’
সালমান যেন বলছেন, ঢের হলো। আর কত? মুম্বাই মিরর।