বিয়েতে কেন মায়ের শাড়ি, জানালেন ইয়ামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকেই বলেছেন, ‘লকডাউনের সবচেয়ে সুন্দর বউ’ নাকি ইয়ামি

বলিউডের বিয়ে মানেই যেন সত্যিকারের ফিল্ম। জাঁকজমক, কাপড়, খাবার, ছবি, ভিডিও—সবখানে এলাহিকাণ্ড। প্রায় সব নায়িকা বা নায়কের স্ত্রীকে দেখা যায় বিয়ের দিন ভারতের সেরা নকশাকারদের লেহেঙ্গা পরেন। কেবল ব্যতিক্রম দেখা গেছে বলিউড তারকা ইয়ামি গৌতমকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণ জানালেন এ অভিনেত্রী।

ইয়ামি গৌতম ও আদিত্য ধর
ইনস্টাগ্রাম

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়ামির কাছে জানতে চাওয়া হয়, সবাই তো বড় ডিজাইনারের লেহেঙ্গা পরেন, আপনি কেন মায়ের শাড়ি পরে বিয়ে করলেন? জবাবে বিয়ের দিনটি নিয়ে কথা বলেন ইয়ামি। তিনি বলেন, ‘বিয়েটা তো আমার অন্তর্গত মূল্যবোধ ও ব্যক্তিত্বেরই একটা অংশ। আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যিনি চিন্তায় ঠিক আমারই মতো। বিয়ের দিনটা আসলে একজন মানুষের একেবারে নিজের দিন। এ দিনে যাঁর যা ভালো লাগে, যা মানুষকে আনন্দ দেয়, সেটাই তাঁদের করা উচিত। এই দিনে অন্যের বেঁধে দেওয়া নিয়মে চলার কোনো অর্থ নেই।’

পারতপক্ষে মেকআপ করেন না ইয়ামি গৌতম
ইনস্টাগ্রাম

বিয়ের লেহেঙ্গা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমার সৌভাগ্য যে আমার বেশ কিছু ভালো ডিজাইনারের সঙ্গে সখ্য রয়েছে। তবে ফ্যাশন ইন্ডাস্ট্রির কিছু ডিজাইনার আছেন, যাঁরা আমাকে লেহেঙ্গা নকশা করে দিতে চাননি। এখানকার নিয়মটাই এ রকম। মনে আছে, আমাকে একবার শুনতে হয়েছিল, “ওই লেহেঙ্গা তোমার জন্য নয়।” কেন? কারণ, আমি ওই ডিজাইনারের সঙ্গে কাজ করিনি। কত নীচতা, কীভাবে একটা মানুষের মন খারাপ করে দেন তাঁরা! অবশ্য সবাই এমন নন, কেউ কেউ তো বেশ সহযোগিতা করেন।’

ইয়ামি গৌতম
ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘দাসভি’। এতে একজন নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তুষার জালোটা পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন। এর আগে ইয়ামিকে দেখা যায় ‘ভূত পুলিশ’ ছবিতে। ২০১৯ সালে ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।