বিয়ের জন্য ছবির প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপিকা?

হলিউডে বেশ বড় প্রকল্পে অভিষেক হয়েছিল দীপিকা পাড়ুকোনের। ভারতীয় এই সুন্দরী সেখানে জনপ্রিয় হলিউড নায়ক ভিন ডিজেলের বিপরীতে যাত্রা শুরু করেছিলেন। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পর এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতেও থাকার কথা ছিল দীপিকার। পরিচালক ডিজে কারুসো নিজে এ তথ্য নিশ্চিত করেন। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য খবর। দীপিকা পাড়ুকোন নাকি স্বেচ্ছায় ‘ট্রিপল এক্স’ সিরিজ থেকে সরে এসেছেন।
হলিউডে কাজ করার জন্য যেখানে তারকারা মুখিয়ে থাকেন, সেখানে দীপিকা কিনা এত বড় প্রস্তাব ফিরিয়ে দিলেন! স্বাভাবিকভাবে দীপিকার এই সিদ্ধান্তে অবাক হচ্ছেন অনেকেই। তার ওপর আবার বলিউডের কোনো ছবি এখন হাতে নেই দীপিকার। তাহলে কেন এ প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন দীপিকা? একটি সূত্র জানাচ্ছে, হলিউডে দীপিকার শুরুটা যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। এ নিয়ে মনঃক্ষুণ্ন ‘পদ্মাবত’ ছবির এই নায়িকা। অথচ আরেক ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘বেওয়াচ’ ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় করেও অনেক বেশি আলোচিত। সেই অর্থে মার্কিন মিডিয়াগুলোতে দীপিকাকে নিয়ে কোনো মাতামাতি হয়নি।
তবে দীপিকার এই মন খারাপের কথাকে ‘ফুঁ’ মেরে উড়িয়ে দেন কয়েক জন। কারণ তাঁদের কাছে আছে ভিন্ন খবর। দীপিকা এ বছরের শেষ দিকে বিয়ে করবেন বলেই নাকি ডিজে কারুসোর সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ বছর অক্টোবর থেকে ডিসেম্বরে ছবির শুটিং হওয়ার কথা ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন ছবির। শোনা যাচ্ছে, এ সময়ের মধ্যেই প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা। এ জন্য তখন কোনো কাজ হাতে রাখছেন না। যদিও রণবীর বা দীপিকার কাছ থেকে এখনো বিয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে গত সপ্তাহেই ভারতের কয়েকটি গণমাধ্যমে অন্য রকম খবর এসেছিল। বলা হচ্ছিল, শুধু বলিউডের ছবির আশায় বসে না থেকে হলিউড নিয়ে নতুন করে ভাবছেন দীপিকা। কিছুদিনের মধ্যেই হলিউডের নির্মাতাদের সঙ্গে পরিচিতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি।
এদিকে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পরিচালক ডিজে কারুসো এই সিরিজের পরবর্তী ছবি তৈরির পরিকল্পনা করছেন বলেও জানান তাঁর টুইটারে। ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোন দুজনই থাকবেন তাঁর ছবির নতুন সিক্যুয়েলে। এমনটাই জানানো হয় তখন। শুধু কী তাই? চতুর্থ কিস্তিতে তিনি বলিউড ঢঙের একটি নাচে পূর্ণ গানও নাকি রাখতে চেয়েছিলেন। দীপিকাই বানাতে চেয়েছিলেন সেই নাচের মূল তারকা। হলিউডের ছবিতে এই নায়িকার জনপ্রিয় গান ‘লুঙ্গি ড্যান্স’ নতুন করে তৈরি করার কথা ভেবেছিলেন কারুসো। এখন দীপিকাই যদি না থাকেন ছবিতে, তাহলে লুঙ্গি ড্যান্স আর কে দেখাবেন? বলিউড বাবল।