‘বিয়ের পর পুরুষ অভিনেতাদেরও এসব প্রশ্ন করা হোক’
সফলতা যেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির ছায়াসঙ্গী। একের পর এক সাফল্যের কাহিনি তিনি লিখে চলেছেন। গত চার বছরে ‘কবির সিং’, ‘শেরশাহ’, ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া টু’–এর মতো হিট ছবি তাঁর নামের পাশে। তবে সাফল্য কিয়ারার মাথা ঘুরিয়ে দেয়নি। তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা তারিয়ে তারিয়ে উপভোগ করেন এই নায়িকা। গত ২৪ জুন মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি ‘যুগ যুগ জিও’। রাজ মেহেতা পরিচালিত এই ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে কিয়ারা আদভানির মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকেরা। তাঁদের মধ্যে ছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিও।
সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় সফলতা ব্যক্তি কিয়ারাকে কতটা বদলেছে? জবাবে কিয়ারা বলেন, ‘ইদানীং অনেকেই আমাকে এ প্রশ্ন করছে। কিন্তু আমি একই রকম আছি। আমার মধ্যে কোনো বদল আসেনি। মলে যেতে ইচ্ছা করলে চলে যাই। কেউ সেলফি নিতে চাইলে না করি না। আমাকে ঘিরে মানুষের ভিড় হলে পালিয়ে যাই না। আমরা অভিনয়শিল্পীরা চাই, মানুষ আমাদের বেশি করে চিনুক। আমরা তো তাদের জন্যই অভিনয় করি।’ তবে এত সফলতার মধ্যেও কিয়ারা পেছন ফিরে তাকাতে ভালোবাসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা আজও মনে করি। ব্যর্থতা দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল। একবার ভাবুন, তখন আমার কী হাল হয়েছিল? ‘ফাগলি’ ফ্লপ হওয়ার পর মনে হয়েছিল দুনিয়া শেষ হয়ে গেছে। তখন পরিবার আমাকে সাপোর্ট দিয়েছিল। সাহস জুগিয়ে আবার কাজ খুঁজতে শুরু করি।’
সাধারণত কোনো ছবির সফলতার কৃতিত্ব সেই ছবির নায়ককেই বেশি দেওয়া হয়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া টু’–এর ক্ষেত্রেও তাই হয়েছে। এই ছবির সফলতার প্রায় ষোলোআনা কৃতিত্ব নায়ক কার্তিক আরিয়ানকে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গ উঠতেই কিয়ারা বলেন, ‘এ কথা ঠিক যে ছবির সফলতার মূল কৃতিত্ব সাধারণত নায়ককে দেওয়া হয়। আমি মনে করি এখন কিছুটা বদল এসেছে। তবে এ ক্ষেত্রে সংবাদমাধ্যমকেও বড় ভূমিকা পালন করতে হবে। একটা ছবির ছোট–বড় সব তারকাকে কৃতিত্ব দেওয়া প্রয়োজন। একটা সিনেমার পেছনে গোটা দলের পরিশ্রম থাকে। তাই কৃতিত্ব শুধু নায়ক বা নায়িকাকে কেন দেওয়া হবে?’
এ প্রসঙ্গ ধরে উঠে আসে বলিউড ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্যের কথা। এর আগে সোনম কাপুর, তাপসী পান্নু, বিদ্যা বালানসহ অনেক অভিনেত্রী বিষয়টি নিয়ে আওয়াজ তুলেছিলেন। কিয়ারা এ ব্যাপারে তাঁর মতামত জানাতে গিয়ে বলেন, ‘শুধু সিনেমাতেই নয়, সমাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা এ সমস্যার মুখোমুখি হই। এই ছবিতে (ভুল ভুলাইয়া টু) নয়না চরিত্রের সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। কারণ, তাঁর চিন্তাভাবনা আমারই মতো। আমাদের সমাজে বিয়ের পর বাড়ি সামলানোর দায়িত্ব পুরোপুরি মেয়েদের ওপর দেওয়া হয়। এ ক্ষেত্রে অর্ধেক দায়িত্ব পুরুষদেরও দেওয়া উচিত। অভিনেত্রীদের বিয়ের পর প্রশ্ন করা হয় বাচ্চা কবে নেবেন। বিয়ের পর অন্তরঙ্গ দৃশ্য করতে পারবেন কি না। কিন্তু বিয়ের পর পুরুষ অভিনেতাদের এসব প্রশ্নের মুখোমুখি হতে হয় না। আলিয়া, দীপিকা, আনুশকা এ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। কিন্তু আমাদের সবার মানসিকতায় বদল আনতে হবে।’
‘যুগ যুগ জিও’ ছবিতে নীতু কাপুরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘তিনি শুধু ভালো অভিনেত্রীই নন, মানুষ হিসেবেও দুর্দান্ত। নীতুজি যখন কিছু বলেন, তখন মনে হয় শুনতেই থাকি। খুবই আনন্দের খবর যে তিনি এই ছবির মাধ্যমে আবারও অভিনয় জগতে ফিরছেন।’
আষাঢ়ের বৃষ্টি ভেজা বিকেলে আড্ডার শেষ প্রান্তে এসে কিয়ারার বিয়ের প্রসঙ্গ আসে। বিয়ে নিয়ে পরিকল্পনা জানতে চাইলে কিয়ারা বলেন, ‘নিশ্চয় বিয়ে করতে চাই। যখন করব, সবাইকে জানাব। এখন নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চাই। ক্যারিয়ারের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে চাই।’ বউ হিসেবে কেমন হবেন? কিয়ারা মিটিয়েছেন সাংবাদিকদের এই কৌতূহলও। মৃদু হাসি হেসে তিনি বলেন, ‘আমি খুবই পারিবারিক মানুষ। নিজের পরিবারের খুব কাছের আমি। আমি জানি, একটা পরিবারকে সামলানোর জন্য অনেক কিছু ম্যানেজ করতে হবে। মনে হয় বিয়ের পর বৈবাহিক সব সম্পর্ক রক্ষা করতে পারব।’