বিয়ের পর বেকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে রানী মুখার্জি
ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে রানী মুখার্জি

গত বছর নির্মাতা-প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। বিয়ের চার মাস পর মুক্তি পায় রানী অভিনীত সর্বশেষ ছবি ‘মারদানি’। এরপর আর নতুন কোনো ছবিতেই দেখা যায়নি তাঁকে। সম্প্রতি ভোগ ইন্ডিয়ার আগস্ট সংখ্যার প্রচ্ছদকাহিনিতে রানীর বিয়ে পরবর্তী জীবনের গল্প প্রকাশিত হয়েছে। ভোগ ইন্ডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা অনেক কথাই বলেছেন রানী। জানিয়েছেন, বিয়ের পর নতুন কোনো ছবির কাজ করছেন না। বিবাহিত জীবনকে উপভোগ করছেন।
রানী বলেন, ‘বর্তমানে আমি কিছু করছি না। বিবাহিত জীবনকে উপভোগ করছি।’ রানী আরও বলেন, ‘যেহেতু এই মুহূর্তে নতুন কোনো ছবিতে অভিনয় করছি না, তাই এখন আমি ধনী চলচ্চিত্র প্রযোজকের স্ত্রী। বিষয়টি আমার কাছে যথেষ্ট স্বস্তিদায়ক।’
ভবিষ্যতে ছবি পরিচালনার ইচ্ছা আছে কি না জানতে চাইলে রানী বলেন, ‘আমি চাইলে আদি (আদিত্য চোপড়া) কখনোই না বলবে না। কিন্তু আমি দেখছি, আমার স্বামী কীভাবে কাজ করে। সে তার স্টুডিওর সবচেয়ে পরিশ্রমী ব্যক্তি। রাতে সবার শেষে সে স্টুডিও থেকে বের হয়। অপরিপক্ব কোনো কাজ করে আমি তার বা তার কোম্পানির সুনামকে ঝুঁকির মুখে ফেলতে চাই না।’
আগামী পাঁচ বছরের মধ্যে মা হওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন রানী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এখন থেকে পাঁচ বছরের মধ্যে চমৎকার কিছু ছবিতে আমি নিজেকে দেখতে চাই। সুন্দর ছেলে-মেয়ে নিয়ে আমি ছবির সেটে যাব। আমার পাশেই থাকবে তারা।’
অতীত জীবনের কথা জানাতে গিয়ে রানী বলেন, ‘আমি কখনোই অভিনয়শিল্পী হতে চাইনি। আমি যে চলচ্চিত্র পরিবারের মেয়ে, স্কুলজীবনে তা লুকানোর চেষ্টা করতাম। ক্লাস টেনে পড়ার সময় প্রথম ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। সেলিম চাচা (বলিউডের চলচ্চিত্র প্রযোজক সেলিম আক্তার) ‘‘আ গলে লাগ যা’’ (১৯৯৪) ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত ছবিটিতে অভিনয় করেন উর্মিলা মাতন্ডকার। আমার চাচাতো বোন কাজলের অভিনয় অভিষেক হয়েছিল আমার চার বছর আগে। ১৯৯২ সালে, ‘‘বেখুদি’’ ছবির মাধ্যমে।’

‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘মারদানি’সহ আরও অনেক ছবিতে অসাধারণ অভিনয় প্রতিভা দেখিয়েছেন রানী। এর পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন আদিত্য চোপড়া, শাহরুখ খান ও আমির খানকে। এ প্রসঙ্গে রানী বলেন, ‘আমার সাফল্যের পেছনে সে (আদিত্য) যেমন অবদান রেখেছে, তেমনি রেখেছেন শাহরুখ খান। আর আমির খান ‘‘গুলাম’’ ছবিতে আমাকে নেওয়ার জন্য মুকেশ ভাট (প্রযোজক) ও বিক্রম ভাটকে (পরিচালক) অনুরোধ করেছিলেন। আমার ক্যারিয়ারে এই তিনজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ।’