বিয়ের প্রশ্নে সালমানের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

বয়স ৪৯। সালমান খান কবে বিয়ে করবেন নাকি আদৌ করবেন না সে এক বিশাল ধাঁধা। কিন্তু প্রশ্নটি প্রায়ই শুনতে হয় বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে। আবারও নতুন করে এ প্রশ্নের উত্তর দিলেন তিনি। সম্প্রতি ভারতের একটি এফএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেছেন, ঘর বসানোর তাড়াহুড়ো নেই তাঁর এমনকি পরিবারের কেউ এ নিয়ে তাঁকে জোরাজুরিও করছেন না।

বিয়ে নিয়ে তাঁর পরিবার থেকে কোনো আল্টিমেটাম পেয়েছেন কিনা জানতে চাইলে সালমান বলেন, পরিবার থেকে যে আল্টিমেটাম পেয়েছি সেটা হচ্ছে আমাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার আল্টিমেটাম, বিয়ের নয়। পরিবারের কেউ জোরাজুরি করছে না।
অবশ্য, এই দাবাং তারকা বিয়ের ব্যাপারে মনকে কখনো থিতু করতেই পারেননি। একেক সময় একেক কথা বলেন। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘গতকাল আমি বলেছিলাম— পারিবারিকভাবে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজ বলছি; তাতে সমস্যা আছে। কাল আবারও আমার কাছে অন্য কোনো জবাব থাকতে পারে।’
এর আগে অবশ্য সালমান খানের বাবা সেলিম খানকে এক অনুষ্ঠানে সালমানের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাঁর জবাব ছিল, ‘এ প্রশ্নের উত্তর মনে হয় ওপরওয়ালাও জানেন না।’
বিভিন্ন সময় বলিউডের বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন সালমান। সংগীতা বিজলানি ও ক্যাটরিনার কাইফের মতো তারকার সঙ্গে প্রেম করেছেন। সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গেও। কিন্তু কারও সঙ্গেই সম্পর্ক টেকাতে পারেননি তিনি।
বর্তমানে বজরঙ্গী ভাইজান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ঈদ উপলক্ষে আজ শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। কবির খানের পরিচালনায় ছবিটিতে কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকিও অভিনয় করছেন। (আইএএনএস)