বৃষ্টি মাথায় বাড়ি ফিরেছেন রজনীকান্ত
কয়েক বছর ধরেই শরীরটা ভালো যাচ্ছে না। ২৯ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিল সুপারস্টার রজনীকান্ত। তড়িঘড়ি চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন দক্ষিণ ভারতের খ্যাতিমান অভিনেতা রজনীকান্ত। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু খবরটি নিশ্চিত করেছে। মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছিল না তাঁর। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রক্তপ্রবাহ স্বাভাবিক করেন চিকিৎসকেরা। সুপারস্টার রজনীকান্ত ঘরে ফেরায় স্বস্তি পেয়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
রজনীকান্তের বাড়ি ফেরার একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফেরেন রজনীকান্ত। নিজে হেঁটেই বাড়িতে ঢোকেন। এর আগে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। এ সময় ধর্মীয় রীতিতে তাঁকে স্বাগত জানান স্ত্রী লতা রজনীকান্ত। বাড়িতে ঢুকেই প্রার্থনা করেন তিনি। পরে সেই ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
এর আগে গত বছরের বড়দিনেও অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। সঙ্গে সঙ্গে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায়, রক্তচাপজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত।
কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন হাসপাতালে থাকার পর ছাড়া পান বর্ষীয়ান অভিনেতা। এবার আবার শারীরিক সমস্যা নিয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। প্রথমে শোনা যায়, রুটিন চেকআপ করতেই হাসপাতালে গেছেন তিনি। পরে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তার কিছু সমস্যা রয়েছে।
কিছুদিন আগেই সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রজনীকান্ত।
নতুন বছরেই নিজের দলের নাম জানাবেন বলে কথা দিয়েছিলেন তিনি। সেই সময় অনেক ঘনিষ্ঠজনই তাঁকে দুর্বল স্বাস্থ্যের কথা স্মরণ করিয়ে দেন। শারীরিক সমস্যার কারণে পরে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
জানা গেছে, রোববার হাসপাতাল থেকে ছাড়া পেলেও রজনীকান্তকে অনেক বিধিনিষেধ মানতে হবে। বেশি পরিশ্রমের কাজ আপাতত কিছুদিন তিনি করতে পারবেন না। সুতরাং, শুটিংয়ের কাজও বন্ধ রাখতে হবে। দিওয়ালিতে মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন ছবি ‘আন্নাথে’। এর প্রচারেও হয়তো খুব একটা দেখা যাবে না দক্ষিণি সুপারস্টারকে।
রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর এক মারাঠি পরিবারে তাঁর জন্ম। মা রমাবাই ছিলেন গৃহবধূ ও বাবা রামোজি রাও গায়কোয়াড় ছিলেন পুলিশের কনস্টেবল। পর্দায় অভিষেক ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’-এ অভিনয়ের মাধ্যমে।
ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি বিদেশি চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন। ভারত সরকার রজনীকান্তকে ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ পুরস্কারে সম্মানিত করেছে। এবার গ্রহণ করছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।