বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তমকুমারের বাড়িতে গোবিন্দ
সাধারণ পর্যটক কলকাতায় গেলে যেমন একবার হলেও ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান, তেমনি বিনোদনজগতের অনেকেই কলকাতায় গেলে একবার ঢুঁ মারেন মহানায়ক উত্তমকুমারের বাসায়। বলিউড তারকা গোবিন্দ বর্তমানে কলকাতায় আছেন। তিনিও বৃহস্পতিবার রাতে উত্তমকুমারের বাড়ির অতিথি হলেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, গোবিন্দ কলকাতায় গেছেন জি বাংলার একটি ড্যান্স রিয়েলিটি শোর বিশেষ বিচারকের দায়িত্ব পালনের জন্য। এ প্রতিযোগিতায় উত্তমকুমারের নাতবউ দেবলীনাও (গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী) বিচারক হিসেবে আছেন। সে সূত্রে উত্তমকুমারের বাড়ির অতিথি হয়েছেন তিনি।
নিতান্তই ব্যক্তিগত নিমন্ত্রণ হলেও দেবলীনা খবরটি প্রকাশ করেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে দেবলীনা ক্যাপশনে লিখেছেন, ‘সুপারস্টার, হিরো নাম্বার ১ গোবিন্দের সঙ্গে...’। দেবলীনা জানিয়েছেন, শুটিংর ফাঁকে গোবিন্দের সঙ্গে কথা হয় তাঁর। এ সময় কুশল বিনিময় করে গোবিন্দ জানতে চান কলকাতায় কোন এলাকায় থাকেন দেবলীনা। এ সময় দুজনের আলাপচারিতায় উত্তমকুমারের কথা উঠে আসে। দেবলীনা জানান, উত্তমকুমারের কথা শুনেই গোবিন্দ উৎসাহ দেখান। দেরি না করে দেবলীনা গোবিন্দকে ভবানীপুরের বাড়িতে দাওয়াত দেন। গোবিন্দ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
বৃহস্পতিবার রাতেই উত্তমকুমারের বাড়িতে হাজির হন গোবিন্দ। তিনি সেখানে ঘণ্টা দেড়েকের মতো সময় কাটান। বাড়ির প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলার পাশাপাশি তাঁদের সঙ্গে গল্প–গুজবে মেতে ওঠেন তিনি। এ সময় উত্তমকুমারের বাড়ির সদস্য ও দেবলীনা ছাড়াও বাড়িতে আরও উপস্থিত ছিলেন দেবলীনার বাবা বিধায়ক দেবাশিস কুমার, মা দেবযানী কুমার। তবে এদিন কিছুই খাননি গোবিন্দ। কেননা, রাতে তিনি কিছুই খান না। গোবিন্দকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়, সঙ্গে কলকাতার মিষ্টি।
ব্যস্ত বলিউড তারকা গোবিন্দের সৌজন্যবোধে মুগ্ধ দেবলীনা। তিনি বলেন, অল্প কয়েক দিন আগেই গোবিন্দর সঙ্গে পরিচয়। এর মধ্যে বেশ আন্তরিকতা দেখিয়েছেন শুটিং সেটে, বাড়িতে এসেও।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইনস্টাগ্রাম