বেওয়াচে প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া
ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা
ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা

দৌড়ে দীপিকা পাড়ুকোন যেন একটু এগিয়েই গিয়েছিলেন। এবার এক ঝটকায় তাঁকে টপকে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের বড় পর্দায় নাম লেখাচ্ছেন তিনিও। গত মাসে প্রথম শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা এল অবশেষে। বেওয়াচ ছবিতে ভিলেন ভিক্টোরিয়া লিডসের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনও থাকছেন এই ছবিতে।
জনসনের সূত্রেই আনুষ্ঠানিকভাবে জানা গেল এই খবর। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার সঙ্গে নিজের ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছেন এই অভিনেতা। পরে প্রিয়াঙ্কাও টুইটারে নিশ্চিত করেছেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় এসে গেছে।’ খলচরিত্রে অভিনয় করছেন, এ জন্যও যেন উচ্ছ্বসিত বলিউড-নন্দিনী, ‘আমি তো দুষ্টুই হতে চাই।’
নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ অবলম্বনে বানানো হবে এই ছবি—যে ধারাবাহিক খ্যাতির তুঙ্গে নিয়ে গিয়েছিল মোহময়ী পামেলা অ্যান্ডারসনকে। টিভি থেকে বড় পর্দায়—বেওয়াচ-এর মিল থাকছে প্রিয়াঙ্কারও। ‘কোয়ান্টিকো’ দিয়েই নোঙর করেছিলেন এই রাজ্যে। এবার এগিয়ে গেলেন আরেক ধাপ।
বলিউড অভিনেত্রী দীপিকা সরাসরি বড় পর্দায় কাজ দিয়েই যাত্রা শুরু করেছেন হলিউডে। তিনি এখন শুটিংয়ে ব্যস্ত ভিন ডিজেলের ‘ট্রিপল এক্স’ সিরিজের রিটার্ন অব জান্ডার কেজ-এর। টিওআই।