বেচারা রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং
রণবীর সিং

রূপকথার গল্পের শেষ বাক্যটাই চায় সবাই, ‘অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল...’। বলিউডি কাহিনিকারেরা এই সূত্র মেনেই কলম চালিয়েছেন। নায়কের দিকে তাক করে ছোড়া গুলি গিয়ে লেগেছে পার্শ্বনায়কের বুকে। নায়ক মাঝপথে মারা গেলেও পরে দেখা গেছে তাঁর অলৌকিক প্রত্যাবর্তন। কিন্তু রণবীর সিংয়ের কপাল অতটা ভালো নয়। মরেই যাচ্ছেন, মরেই যাচ্ছেন!
এ নিয়ে রণবীরও ‘হতাশ’, ‘লুটেরায় এমনটা হয়েছে। গুন্ডেতে, রামলীলায়। এবার বাজিরাও মাস্তানিতেও আমি ক্লাইম্যাক্সে গিয়ে মারা গেলাম।’ পর্দায় নিজের ছেলেকে মিথ্যে মিথ্যে মরতে দেখেও কষ্ট পান মা। এ কারণে রণবীর চাননি বাজিরাও মাস্তানি দেখুন তাঁর মা। কিন্তু মা জেদ করে ছবিটি দেখেছেন। এরপর? ‘ছবি শেষ হওয়ার পর মা আমাকে আক্ষরিক অর্থেই আধঘণ্টা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলেন। তাঁকে অনেক পাপ্পি-ঝাপ্পি দিয়ে শান্ত করতে হয়েছে। উনি অবশ্যই চান না ছবিতেও আমি মারা যাই। আশা করি, পরের ছবিটিতে বেঁচে থাকব।’ হাসলেন রণবীর।
রুপালি পর্দায় বাজিরাওকে মাস্তানির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মৃত্যু। কিন্তু সত্যিকারের জীবনে ‘হ্যাপি এন্ডিং’ চান রণবীর, ‘অবশ্যই বেঁচে থাকতে চাই, এমন কিছু চাই যেখানে দীপিকা আর আমি সুখে-শান্তিতে থাকব। জানি না কেন, দীপিকার সঙ্গে যে ছবিই করি, তাতেই আমার মৃত্যুদৃশ্য থাকে!’ বলিউড লাইফ।