বেরেলি কি বারফির সঙ্গে তানু ওয়েডস মানুর যত মিল

গ্রামীণ সামাজিকতায় নির্মিত সিনেমা ‘তানু ওয়েডস মানু’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। নায়িকাপ্রধান এ সিনেমায় অভিনয় করেছিলেন কঙ্গনা রনৌত ও মাধবন। ব্যবসাসফল এ ছবির প্রায় ছয় বছর পর আজ মুক্তি পেয়েছে ‘বেরেলি কি বারফি’। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত এ ছবির সঙ্গে বেশ কিছু মিল রয়েছে ‘তানু ওয়েডস মানু’র। আসুন জেনে নিই সেই আটটি মিল—
সিনেমার শিরোনাম
দুটি ছবির শিরোনামেই কেন্দ্রীয় চরিত্রে নারী। ‘তানু ওয়েডস মানু’ ছবির মুখ্য চরিত্রের নাম রয়েছে শিরোনামের শুরুতেই। ‘বেরেলি কি বারফি’ ছবির নামভূমিকায়ও ‘বিট্টি’ নামের নারী চরিত্র। সিনেমায় তাকে সবাই ‘বারফি’ বলে ডাকে। এ চরিত্রে অভিনয় করেছেন কৃতী শ্যানন।
স্বাধীনচেতা নারী চরিত্র
দুটি ছবিতেই স্বাধীনচেতা নারীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত ও কৃতী শ্যানন। নিজ নিজ চরিত্রে দুজনেই সাহসী, বিদ্রোহী ও ঝংকার তোলা অভিনয় করেছেন। যেমন ধরুন, মদ্যপান ও সিগারেট ফুঁকে প্রেমিকের সঙ্গে নাচার দৃশ্য রয়েছে দুজনের ছবিতেই।
গ্রামীণ চিত্রায়ণ
বেরেলি উত্তর প্রদেশের মফস্বল শহর। এখানকার পটভূমিতে ‘বেরেলি কি বারফি’ নির্মাণ করেছেন পরিচালক অশ্বিনী আইয়ার হওয়ার। মজার ব্যাপার, উত্তর প্রদেশেরই শহর কানপুরের পটভূমিতে বানানো হয়েছে ‘তানু ওয়েডস মানু’।
প্রথা ভাঙা বিয়ে
মফস্বল শহরে সাধারণত বাবা-মায়ের পছন্দে বিয়ের রেওয়াজ চলে আসছে। যার অপর নাম ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। কিন্তু ‘তানু ওয়েডস মানু’র মতো ‘বেরেলি কি বারফি’ সিনেমাতেও মফস্বল শহরে বিয়ের এ প্রথা ভেঙে ফেলা হয়েছে। নায়িকাপ্রধান এ দুটি ছবিতেই কনে নিজেই নিজের বর বেছে নিয়েছেন।
প্রশংসিত পুরুষ চরিত্র
‘তানু ওয়েডস মানু’ সিনেমায় ‘মানু’ চরিত্রে অভিনয় করেছেন মাধবন। চরিত্রটি ভীষণ মজার এবং চিত্তাকর্ষক। এ চরিত্রে অভিনয় করে সমালোচক মহলে বেশ প্রশংসিত হন মাধবন। ‘বেরেলি কি বারফি’ সিনেমায় রয়েছে দুটি দুর্দান্ত পুরুষ চরিত্র, যেখানে অভিনয় করে প্রশংসিত হয়েছেন রাজকুমার রাও ও আয়ুষ্মান খোরানা।
বৈচিত্র্যময় গান
দুটি ছবিতেই রয়েছে বৈচিত্র্যে ভরপুর ব্যবসাসফল গান। ‘তানু ওয়েডস মানু’তে ‘সাদি গলি’ ও ‘ইয়ু হি’ গান দুটি এখনো অনেকের মনজুড়ে রয়েছে। একইভাবে ‘বেরেলি কি বারফি’ সিনেমার ‘সুইটি তেরা ড্রামা’, ‘টুইস্ট কামারিয়া’ ও ‘নজম নজম’ গান তিনটি এখনই ঝড় তুলেছে শ্রোতাদের মনে।
পরিচালক
অশ্বিনী আয়ার তিওয়ারি ও আনন্দ এল রাই (তানু ওয়েডস মানু) সাধারণত গ্রামীণ পটভূমিতে সিনেমা নির্মাণ করে থাকেন। দর্শকেরা তাদের ছবি যেমন গ্রহণ করেছে তেমনি সমালোচকেরাও প্রশংসা করেছে।
বাজেট
দুটি ছবিরই বাজেট মাঝারি মানের। গল্পের জন্য বহুল দর্শকদের কাছে বহুল প্রশংসিত হয়েছে ‘তানু ওয়েডস মানু’। ‘বেরেলি কি বারফি’ ইতিমধ্যেই গ্রামীণ জনপদে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে। এ ছবির চিত্রনাট্য লিখেছেন নীতেশ তিওয়ারি, শ্রেয়াস জৈন ও রজত নোনিয়া।