বোনের চোখে ভাই-ই সেরা

পরপর ২৫টি ছবি ‘ফ্লপ’ হলেও নাকি রণবীর কাপুর বলিউডের এ সময়ের শীর্ষ তারকা হয়েই থাকবেন। এমন ধারণা তাঁর বোন কারিনা কাপুর খানের। বোন কারিনার চোখে ভাই রণবীর এ সময়ের সবচেয়ে মেধাবী ও সেরা অভিনেতা। তাই কেউ যখন বলে, বেশ কয়েকটি ব্যর্থ ছবির পর রণবীরের প্রত্যাবর্তন হবে অ্যায় দিল হ্যায় মুশকিল দিয়ে, তখন বড্ড রাগ হয় কারিনার।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কারিনার কাছে রণবীরের ব্যাপারে জানতে চাইলে ভাইয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যান তিনি। চাচাতো ভাই রণবীরকে নিয়ে কারিনার যে উচ্ছ্বাসের শেষ নেই, তা স্পষ্টই বোঝা যায় এই অভিনেত্রীর কথায়। তিনি বলেন, ‘ব্যর্থতা আসতেই পারে। আমার জীবনেও এমন সময় এসেছিল। তারকাজীবনে এসব চড়াই-উতরাই থাকবেই। কিন্তু এরপরও রণবীর আমার চোখে এ সময়ের সেরা অভিনেতা। ওর যদি ২৫টি ছবিও ফ্লপ হয়, তাও সে সেই স্থানেই থাকবে। তাই কেউ যখন বলে, অ্যায় দিল হ্যায় মুশকিল দিয়ে আবারও সঠিক পথে ফিরবে রণবীরের অভিনয়জীবন, তখন মোটেও ভালো লাগে না আমার।’
ভাইয়ের ওপর আসা ব্যর্থতার অপবাদ বোনের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তবে বলিউডে লগ্নিকারীদের কাছে রণবীরের এই ব্যর্থতা কিন্তু একধরনের ভোগান্তির কারণ। বেশরম ও বোম্বে ভেলভেট ছবি দুটি বাজেভাবে মার খায় বলিউডে। সবশেষ মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর তামাশাও করতে পারেনি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা। তাই আগামী মাসে মুক্তির জন্য প্রস্তুত করণ জোহর পরিচালিত ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল এখন রণবীরভক্তদের জন্য একমাত্র ভরসা। ইন্ডিয়ান এক্সপ্রেস।