ব্যতিক্রমী জুটিতে সরব বলিউড

‘পিকু’ ছবিতে অভিনয় করবেন ইরফান খান ও দীপিকা পাড়ুকোন জুটি। আছেন অমিতাভ বচ্চনও। তবুও কেমন যেন বেখাপ্পা লাগে। এই জুটিকে কীভাবে নেবেন দর্শক? ছবি মুক্তির পর দেখা গেল, বেশ সুনাম কুড়িয়েছে ছবিটি, পেয়েছে পুরস্কারও। বলিউডে এখন এমন ব্যতিক্রমী জুটির দেখা মিলছে। শোনা যাচ্ছে, ব্যতিক্রমী নতুন জুটির খবরও। সর্বশেষ শোনা গেল, দুই তারকা অমিতাভ ও আমিরের জুটি হওয়ার খবর।

২০১৪ সালে ‘কিক’ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেন দুই ঘরানার দুই অভিনেতা—সালমান খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। পরবর্তী সময়ে এই দুই অভিনেতাকে আবার দেখা যায় ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে। ‘লাঞ্চবক্স’ সিনেমাতে ইরফান খান ও নিমরাত কউর জুটিও বেশ আলোচনায় এসেছিল। এরই মাঝে বলিউডে ব্যতিক্রমী জুটির যেন ঢল নেমেছে। শোনা যাচ্ছে, সাব্বির খানের ‘মুন্না মাইকেল’ ছবিতে দেখা যাবে নওয়াজের সঙ্গে টাইগার শ্রফকে। ওদিকে নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও সুনিল শেঠিকে। সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফের ‘কালা চশমা’ গান ছিল সবার মুখে মুখে। করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর ও ক্যাটরিনার রসায়ন ইতিমধ্যে আলোচনায় এসেছে সিনে পাড়ায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে আরেক ব্যতিক্রমী জুটি শাহরুখ খান ও আলিয়া ভাটের ছবি ‘ডিয়ার জিন্দেগি’র পোস্টার। গুঞ্জন উঠেছে ‘গোলমাল ফোর’ ছবিতে দেখা যেতে পারে অজয় দেবগন ও শ্রদ্ধা কাপুরকে।

তবে এখন পর্যন্ত ব্যতিক্রমী জুটির বড় খবর হলো, পর্দায় দেখা যাবে বলিউডের দুই সেরা তারকাকে। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও মি. পারফেকশনিস্ট আমির খান জুটি বাঁধছেন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে। দুজন একই ছবিতে জুটি হওয়ায় রোমাঞ্চিতও তাঁরা। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। ২০১৮ সালের দিওয়ালিতে ছবিটি মুক্তি দেওয়ার কথা আছে। হিন্দুস্তান টাইমস