ভক্তজটে 'ভয়ংকর সুন্দর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ আগস্ট মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ভয়ংকর সুন্দর। মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে গতকাল সোমবার ছবির পুরো দল গিয়েছিল ধানমন্ডির বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ক্যাম্পাসে। সেই দলে ছিলেন ছবির অভিনয়শিল্পী পরমব্রত, ভাবনা, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, পরিচালক অনিমেষ আইচসহ অনেকেই। এই ক্যাম্পাসেই পড়াশোনা করেছেন ছবির নায়িকা ভাবনা। স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে এসে সবার কাছে অনুরোধ করলেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার। পরিচালক অনিমেষ বললেন, ‘এই প্রজন্মের অনেকেই বাংলাসংক্রান্ত বেশির ভাগ জিনিসকে অবহেলা করি। এটা ভাষাই হোক বা সিনেমাই হোক। আমার চাওয়া থাকবে, দুজন সুখী মানুষের গল্প দেখার জন্য হলেও ভয়ংকর সুন্দর দেখবেন। গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে আমার শ্রম সার্থক হবে।’ মঞ্চের বাইরে কথা হয় এই নির্মাতার সঙ্গে। কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে ছবি দেখার বার্তা পৌঁছে দিচ্ছেন? এই প্রশ্নের জবাবে তিনি জানান, তরুণদের দেশি সিনেমা দেখার জন্য হলে নিয়ে যেতে চান তাঁরা। এই দর্শকদের ধরে রাখতেই তাঁদের এই চেষ্টা।

ভক্তদের ভিড়ে পরমব্রত ও ভাবনা l ছবি: সুমন ইউসুফ
ভক্তদের ভিড়ে পরমব্রত ও ভাবনা l ছবি: সুমন ইউসুফ

কলকাতার সিনেবাজারের অবস্থা বর্ণনা করে পরম বললেন, ‘আমাদের বেশির ভাগেরই স্বভাব বাংলা সিনেমাটা বিনা পয়সায় দেখা যায় কি না। অথচ বাইরের সিনেমাগুলো ঠিকই অনেক টাকা খরচ করে আমরা দেখতে যাই।’

 প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি উপভোগের আহ্বান জানিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীতে ভরা ক্যাম্পাস থেকে বিদায় নেন সবাই। কিন্তু সেলফি–শিকারিদের ভিড়ে খানিকক্ষণ আটকে থাকতে হয় পরমব্রত, ভাবনা আর ফারুক আহমেদকে। বৃষ্টিমুখর দুপুরে রাস্তার গাড়ির জটের মতোই অভিনয়শিল্পীরাও আটকে যান ভক্তজটে!