ভক্তদের কাছে সিদ্ধার্থের পরিবারের আবেদন
৪০ বছর বয়সে সদ্য প্রয়াত হয়েছেন ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিনোদন সংবাদপত্রে আলোচনার শেষ নেই। তাঁর মৃত্যুকে নানা দিক থেকে রগরগে করে তোলার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে আজ তাঁর পরিবারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে সিদ্ধার্থের ভক্তদের কাছে বিশেষ আবেদন জানিয়েছে তারা।
সিদ্ধার্থের পরিবার লিখেছে, ‘সিদ্ধার্থের সফরের যাঁরা সঙ্গী ছিলেন আর যাঁরা ওকে গভীর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তাঁদের সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে এই সফর কখনোই শেষ হওয়ার নয়। কারণ, ও আমাদের হৃদয়ে সারা জীবন জীবন্ত থাকবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সিদ্ধার্থ ওর জীবনকে একান্তে রাখতে পছন্দ করত। আর তাই অনুরোধ, আমাদের এই শোকের সময় “একান্তে” থাকতে দেওয়া হোক। আমাদের প্রতি যে সংবেদনশীলতা আর সহানুভূতি মুম্বাই পুলিশ দেখিয়েছে, তার জন্য তাদের বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। মুম্বাই পুলিশ এই সময় ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। প্রতিটা মুহূর্তে আমাদের তারা রক্ষা করেছে। অনুগ্রহ করে ওকে (সিদ্ধার্থ) আপনাদের প্রার্থনার মধ্যে বাঁচিয়ে রাখুন। সারা জীবন ওকে স্মরণ করুন।—শুক্লা পরিবার।’
সিদ্ধার্থের মা রিতা শুক্লা আর দুই বোন প্রীতি, নিতু আজ সন্ধ্যায় সিদ্ধার্থের জন্য অনলাইনে এক প্রার্থনাসভার আয়োজন করেছেন। এই সভায় তাঁর ভক্তরাও যোগ দিতে পারবেন।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ। ‘বাবুল কা আংগন ছুটে না’ টেলিভিশন ধারাবাহিক থেকে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
‘বালিকা বধূ’ ধারাবাহিক তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এর সবচেয়ে পছন্দের প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ। তিনি এই সিজনে বিজয়ী হয়েছিলেন।
২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশ জানিয়েছে যে তাঁর মৃত্যু স্বাভাবিক। পুলিশ জানিয়েছে, হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।