ভক্তদের চোখে মহাভারতের শিল্পী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানকে ‘কৃষ্ণ’ ও হৃতিক রোশনকে ‘কর্ণ’ চরিত্রে দেখতে চান ভক্তরা
আমির খানকে ‘কৃষ্ণ’ ও হৃতিক রোশনকে ‘কর্ণ’ চরিত্রে দেখতে চান ভক্তরা

সম্প্রতি ঘোষণা এল, ভারতের মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে ছবি তৈরি হবে। ছবির বাজেটও হবে ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইলফলক। প্রথমবারের মতো হাজার কোটি রুপির বাজেটে তৈরি হচ্ছে ছবিটি। মধ্যপ্রাচ্যের এক ব্যবসায়ী ছবিটি প্রযোজনা করবেন। ছবি তৈরির ঘোষণা এরই মধ্যে ভক্তদের আগ্রহের কেন্দ্র হয়েছে, তা বোঝা গেল টুইটার দেখে। টুইটারে ভক্তরা ‘মহাভারত’-এর সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করলেন যে যাঁর মতো। 

প্রথম দিকে একজন অভিনয়শিল্পীর নামই অবশ্য ঘোষণা হয়েছিল। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র ভিমের চরিত্রায়ণ করবেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। এবার টুইটারে ভক্তরা জানালেন, মহাভারতের বিভিন্ন চরিত্রে তাঁরা দেখতে চান আমির খান থেকে শুরু করে অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, হৃতিক রোশনকে। একজন লিখলেন, অক্ষয় কুমার করতে পারেন কৃষ্ণ অথবা কর্ণের চরিত্রটি। আরেকজন বললেন, কৃষ্ণের চরিত্রে আমির খান সবচেয়ে ভালো করবেন। ওদিকে হৃতিককে তাঁরা ভাবছেন অর্জুনের চরিত্রে।
‘বাহুবলী’ সিনেমার নায়ক প্রভাসকে এক ভক্ত ভাবছেন ভিমের চরিত্রে। যদিও ভিমের চরিত্রে আগেই মোহনলালের নাম চলে এসেছে। এদিকে দুর্যোধনের চরিত্রটিতে ভক্তরা ভেবেছেন ‘বাহুবলী’র খল চরিত্র করা রানা দাগুবাতিকে। অমিতাভ বচ্চনকে পিতামহ ভীষ্ম চরিত্রে ভাবা হচ্ছে। এসেছে অভিষেক বচ্চন, বিদ্যুৎ জামাল, জন আব্রাহাম, টাইগার শ্রফ ও বরুণ ধাওয়ানের নামও।
এদিকে মোহনলালকে ব্যঙ্গ করে কামাল আর খান টুইট করে বলেছেন ‘ছোটে ভীম’। মোহনলালের ভক্তরাও তাঁর জবাব দিয়েছেন কামালকে ট্রল করে। একটি রেডিও অনুষ্ঠানে ছবির পরিচালক শ্রীকুমার মেনন বলেন, মালায়লাম অভিনেতা মামোট্টিকে কোনো চরিত্রের জন্য এখনো প্রস্তাব দেওয়া হয়নি। তবে তিনি থাকতে পারেন। মালায়লাম আরেক অভিনেতা পৃথিবীরাজ সুকামারানও থাকছেন ছবিতে। তবে দেশি অভিনয়শিল্পীদের পাশাপাশি বিদেশি অভিনয়শিল্পীদেরও নেওয়া হবে।
ছবিটি তৈরি হচ্ছে এমটি বাসুদেবান নাইয়ারের ‘র‍্যান্ডামুজাম’ উপন্যাস অবলম্বনে। ‘দ্য মহাভারত’ তৈরি হবে দুই কিস্তিতে। প্রথম কিস্তির শুটিং শুরু হবে আগামী বছর। মুক্তি পাবে ২০২০ সালে। এনডিটিভি