ভক্তদের জন্য ফ্লাইট মিস করলেন তাপসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপসী পান্নু
তাপসী পান্নু

অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন দিল্লিতে। সেখান থেকে বিমানে চেপে মুম্বাই ফিরবেন বলে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিতও হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর একদল কলেজ শিক্ষার্থী তাপসী পান্নুকে ঘিরে ধরেন। উদ্দেশ্য এই তারকার সঙ্গে ছবি তোলা এবং কিছুক্ষণ তাঁর সঙ্গে সময় কাটানো। ভক্তদের উন্মাদনা দেখে তাপসীরও মন গলে যায়। আর তাঁদের আবদার মেটাতে গিয়ে কখন যে ফ্লাইটের সময় চলে এসেছিল, টেরই পাননি তিনি। ‘পিঙ্ক’ ছবি দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া তাপসী পরে অন্য একটি ফ্লাইটে চড়ে মুম্বাই পৌঁছান।


তবে ভক্তদের ভিড়ের কারণে ফ্লাইট মিস করতে হয়েছে বলে তাপসী কিন্তু মোটেও বিরক্ত নন। বরং ভক্তদের এমন ভালোবাসা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। তাপসী বলেন, ‘আমি সাধারণত বিমানবন্দরে বা শপিং মলে থাকলে কারও সঙ্গে ছবি তুলতে রাজি হই না। কারণ আমার সঙ্গে কোনো দেহরক্ষী বা নিরাপত্তাকর্মী থাকে না। তাই একা সেই ভিড় সামলানো আমার জন্য খুব মুশকিল হয়ে পড়ে। তবে মাঝেমধ্যে ভক্তদের ভালোবাসা দেখে আর না করার কোনো উপায় থাকে না।’
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু বলিউডের দর্শকদের কাছে বছরখানেক আগেও তেমন পরিচিত ছিলেন না। গত বছর মুক্তি পাওয়া অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘পিঙ্ক’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই আলোচনায় চলে আসেন তিনি। এই ছবিতে তিনি একজন সাহসী ও প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে ভালো কাজ করে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তিনি। সিনেমাটিতে অমিতাভ বচ্চন একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

দিল্লির বিমানবন্দরে দেখা পাওয়া সেই ভক্তদের সম্পর্কে তাপসী বলেন, ‘তাঁরা আমার ছবির প্রতিটা সূক্ষ্ম বিষয় মনের মধ্যে গেঁথে রেখেছেন। আমার চরিত্র নিয়েও তাঁদের ভালো লাগার কথা এমনভাবে কথা বলছিলেন যে আমি তা উপেক্ষা করে চলে আসতে পারিনি। বিদায় নিয়ে যখন চলে আসব, তখন বিমানের চেকিং টাইমের মাত্র কয়েক মিনিট বাকি। অগত্যা ফ্লাইট মিস করতে হলো। ভাগ্যিস সেদিন কোথাও শিডিউল দেওয়া ছিল না। তা না হলে বিপদে পড়ে যেতাম।

তাপসী পান্নু এখন ডেভিড ধাওয়ানের ১৯৯৭ সালের জনপ্রিয় ছবি ‘জুড়য়া’র সিক্যুয়েলে অভিনয় করছেন। এখানে তাঁর সঙ্গে আরও দেখা যাবে বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজকে। ‘জুড়য়া ২’ মুক্তি পাবে ২৯ সেপ্টেম্বর। হিন্দুস্তান টাইমস