ভক্তের প্রতারণার শিকার রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই সিগারেট হাতে রণবীর কাপুরকে ক্যামেরাবন্দী করেন তাঁর এক ভক্ত
এভাবেই সিগারেট হাতে রণবীর কাপুরকে ক্যামেরাবন্দী করেন তাঁর এক ভক্ত

ভক্তের প্রতারণার শিকার হলেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি ধূমপান করার সময় এক ভক্ত রণবীরের ছবি তুলতে চাইলে প্রথমে তিনি নিষেধ করেন। ছবিটি নিজের কাছে রাখবেন এবং ফাঁস করবেন না—ভক্তের কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পর ছবি তুলতে দেন রণবীর। কিন্তু কথা না রেখে ঠিকই ছবিটি ফাঁস করে দেন ওই ভক্ত। এরই মধ্যে সিগারেট হাতে রণবীরের ছবিটি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।
এমনিতেই ব্যক্তিগত জীবনে আলোকচিত্রীদের বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপের কারণে তিতিবিরক্ত রণবীর। গত বছরের মাঝামাঝিতে স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে অবকাশ যাপনের সময় লুকিয়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে পরে তা ফাঁস করে দেন আলোকচিত্রীরা। ওই ঘটনায় ভীষণ চটে যান রণবীর। এ ছাড়া গত বছরের শেষের দিকে এক আলোকচিত্রীর ক্যামেরা কেড়ে নিয়ে খবরের শিরোনাম হন এই ‘বরফি’ তারকা। সম্প্রতি একদল আলোকচিত্রীকে ধাওয়া দিয়ে ধরতে না পেরে অকথ্য ভাষায় গালাগাল করে ফের মুখরোচক খবরের জোগান দেন তিনি। আর এবার ধূমপান করার সময় ভক্তের ক্যামেরায় বন্দী হলেন রণবীর।
রণবীর অনেক আগেই ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিলেও ধূমপানের আসক্তি থেকে বের হতে পারেননি। বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, ‘আমি ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধূমপান করতে দেখলে আমাকে মেরে ফেলতে বা পুড়িয়ে ফেলতে পারেন আপনারা। ‘‘বরফি’’ ব্যবসাসফল হলে ধূমপান ছেড়ে দেব বলে আমি আমার মায়ের সঙ্গে বাজি ধরেছিলাম। এ ছাড়া আমি ফুটবল খেলি। কিন্তু ধূমপানের কারণে মাঠে দৌড়ানোর ক্ষমতা কমে গেছে আমার। বন্ধুরা আমাকে বলেছে, ধূমপান মানুষের কর্মশক্তিকে কমিয়ে দেয়।’
২০১৪ হিরো ইন্ডিয়ান সুপার লিগ সিজন শুরু হয়েছে গত ১২ অক্টোবর, শেষ হবে ২০ ডিসেম্বর। এই লিগে খেলছে মুম্বাই সিটি ফুটবল ক্লাব। নিলামে যৌথভাবে দলটি কিনেছেন রণবীর কাপুর ও চার্টার্ড অ্যাকাউনটেন্ট বিমল পারেখ।
সম্প্রতি নিজের দলের খেলা দেখতে মাঠে যান রণবীর। ম্যাচের ফলাফল কী হবে তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তিনি। একপর্যায়ে খেলা দেখা থেকে বিরতি নিয়ে ধূমপান করতে যান তিনি। জনসমক্ষে ধূমপান না করে স্মোকিং জোনে গিয়ে তিনি ধূমপান করছিলেন। সেখানেই এক ভক্ত তাঁর ছবি তুলে পরে তা ফাঁস করে দেয়।

আরও জানতে পড়ুন: