ভক্তের সঙ্গে সেলফি তুলে জরিমানা

বরুণ ধাওয়ান তারকা বলেই তাঁকে দিতে হলো জরিমানা। কারণ, সাধারণ নাগরিক যদি রাস্তায় গাড়ি থেকে মাথা বের করে সেলফি তুলতেন, তাহলে এক দিন পর তাঁকে খুঁজে বের করা পুলিশের জন্য কঠিন হতো। বরুণ তারকা বলেই সেলফি ছাপা হয় পত্রিকায় আর সেই সংবাদের জের ধরেই বরুণকে জরিমানা করে মুম্বাই পুলিশ।
রাস্তায় সিগন্যালে এসে থামে বরুণ ধাওয়ানের গাড়ি। গাড়ির জানালা দিয়ে বরুণকে দেখে পাশের অটোরিকশায় থাকা এক ভক্ত উচ্ছ্বাসে ফেটে পড়েন। জানালায় টোকা দিয়ে একটি সেলফি তোলার আবদার করেন ভক্ত। বরুণ দয়ার সাগর। ভক্তের সেলফির আবদার কী করে ফিরিয়ে দেবেন? তাই সিগন্যালে গাড়ি থেমে থাকা অবস্থায় জানালা দিয়ে মাথা বের করে অটোরিকশায় বসা ভক্তের সঙ্গে ছবি তোলেন। তবে কোথা থেকে যেন সেই সেলফি তোলার ছবি ছাপা হয়ে যায় ভারতের একটি পত্রিকায়। পরদিন তা মুম্বাই পুলিশের নজরে পড়ে। মুম্বাই পুলিশ তাদের টুইটার পেজে পত্রিকায় ছাপা হওয়া খবরটি টুইট করে। তাতে বরুণ ধাওয়ানকে ট্যাগ করে লেখা হয়, ‘আপনার মতো তরুণ একজন তারকাকে অনেকেই আদর্শ হিসেবে দেখেন। আপনিই যদি অসচেতন কোনো কাজ করেন, তাহলে তা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবে ছবি তোলাটা বিপজ্জনক। তাই আপনার কাছে ৬ হাজার রুপি জরিমানার একটি চালান আমরা পাঠিয়ে দিয়েছি। জরিমানা দিয়ে আপনি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমাদের বিশ্বাস।’ এই টুইটের জবাব দিয়েছেন বরুণ ধাওয়ানও। টুইটারে লিখেছেন, ‘ভুল করে থাকলে আমি দুঃখিত। আইন ভাঙার ইচ্ছা আমার ছিল না। গাড়ি তখন সিগন্যালে থেমে ছিল বলেই ছবিটি তোলা। আমি সেই ভক্তকে নিরাশ করতে চাইনি। তবে পরেরবার থেকে এ বিষয়টি মাথায় রাখব।’
মুম্বাই পুলিশ বরুণের বিরুদ্ধে সিটবেল্ট না বাঁধার অভিযোগ এনে তাঁকে জরিমানা করে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।