ভরসা যখন পা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাফিক জ্যামের কারণে গাড়ি ফেলে পায়ে হেঁটে অনুষ্ঠানে যাচ্ছেন অমিতাভ বচ্চন
ট্রাফিক জ্যামের কারণে গাড়ি ফেলে পায়ে হেঁটে অনুষ্ঠানে যাচ্ছেন অমিতাভ বচ্চন

‘পা’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বাস্তবে ‘পা’ ছবির সঙ্গে পায়ে হেঁটে চলার কোনো সম্পর্ক না থাকলেও অমিতাভ বচ্চন জানেন, মাঝেমধ্যে পা-ই একমাত্র ভরসা হয়ে ওঠে।

বলিউডের তারকাদের মধ্যে সর্বজনশ্রদ্ধেয় অমিতাভ বচ্চন। সময় সচেতন বিনয়ী এই মানুষটির আচরণ বরাবরই মুগ্ধ করেছে সবাইকে। সম্প্রতি এক অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাফিক জ্যামের কারণে সেখানে সময়মতো পৌঁছানো নিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন অমিতাভ। তখন কোনো প্রযুক্তি নয়; তাঁর একমাত্র ভরসা হয়ে উঠেছিল পা।

অনুষ্ঠানে যাওয়ার জন্য অমিতাভ যখন গাড়িতে চেপে মুম্বাইয়ের জুহু তারা রোড দিয়ে যাচ্ছিলেন, বিপত্তির শুরু সেখানেই। জুহু তারা রোডে সে সময় ভয়াবহ ট্রাফিক জ্যাম। দীর্ঘক্ষণ গাড়িতে বসে থেকে অতিষ্ঠ হয়ে সময়মতো অনুষ্ঠানে পৌঁছানোর জন্য অগত্যা পায়ে হেঁটে সেখানে পৌঁছানোরই সিদ্ধান্ত নেন ‘বিগ বি’।

অমিতাভ ভালো করেই জানেন, শহরের ব্যস্ত জীবনে ট্রাফিক জ্যামের কাছে যখন প্রযুক্তি হার মানে তখন ভরসা একমাত্র পায়দল চলা। কাজেই পা বাড়িয়ে এগিয়ে যাওয়া ছাড়া ভরসা করার মতো আর কোনো উপায় যখন নেই; পা-ই সই।

অবশ্য মুম্বাইতে অনুষ্ঠানের অংশ নিয়ে এরই মধ্যে কলকাতায় ফিরে গেছেন অমিতাভ। সেখানে ঋভু দাশ গুপ্তের ‘তিন’ ছবির শুটিংয়ের কাজ চলছে। অমিতাভ বচ্চন ছাড়াও ‘তিন’ ছবিতে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিদ্যা বালান। এ ছবিতে অমিতাভের চরিত্রটি একজন অবাঙালি কলকাতাবাসীর। আর বিদ্যা বালান হচ্ছেন পুলিশ অফিসার।


‘তিন’ ছবিতে নওয়াজউদ্দিনের চরিত্রটি একজন প্রাক্তন পুলিশ অফিসারের, তাঁকে এ ছবিতে দেখা যাবে একজন যাজকের ভূমিকায়। একটি খুনের ঘটনাকে ঘিরে রহস্য এবং সেই রহস্যকে কেন্দ্র করেই অমিতাভ বচ্চন, বিদ্যা বালান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি হিন্দি থ্রিলার ছবি ‘তিন’ ছবির মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন। এনডিটিভি। মিড-ডে।