ভাই যখন সমালোচক

তারকাদের ছবির সমালোচনা সাধারণত চলচ্চিত্র সমালোচকেরাই করে থাকেন। বলিউড তারকা শহিদ কাপুরের সবচেয়ে বড় সমালোচক কে জানেন? না, কোনো চলচ্চিত্র সমালোচক নন। ছোট ভাই ইশান খাত্তারই তাঁর সবচেয়ে বড় সমালোচক।
বলিউড তারকা শহিদ কাপুর জানালেন এ তথ্য। ৩৫ বছর বয়সী অভিনেতা সম্প্রতি শীর্ষস্থানীয় একটি দৈনিক ফিল্মফেয়ারকে ছোট ভাই ইশান সম্পর্কে বলেন, ছবি নিয়ে ভাইয়ের মন্তব্য সত্যিকার অর্থেই তাঁর জন্য একটি বড় ব্যাপার। শহিদ বলেন, ‘আমি আমি ভুল করলে ইশান খুব সৎ ও কঠোর সমালোচনা করে। আমার আর ওর সম্পর্কটা এমন যে, খুব বেশি চিন্তাভাবনা না করে আমাকে সে সব বলতে পারে।’
অভিনয়শিল্পী পঙ্কজ কাপুর ও নীলিমা আজিমের একমাত্র ছেলে শহিদ। দুজনের বিচ্ছেদ হলে নীলিমা পরে অভিনেতা রাজেশ খাত্তারকে বিয়ে করেন। ইশান তাঁদের ছেলে।
‘হায়দার’ তারকা আরও বলেন, ইশান তাঁর কিছু কাজ পছন্দ করেনি। প্রশ্ন করা হয়, শেষ কোন ছবিটি পছন্দ করেনি? শহিদের উত্তর, ‘অনেক ছবিই আছে। কিন্তু সেগুলোর নাম বলা ঠিক হবে না। সেটা ভালো দেখাবে না।’

ইশান ইতিমধ্যে বলিউডে নিজের অভিষেক ঘটিয়েছেন। অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে ইশান একজন সহকারী পরিচালক ছিলেন। হিন্দুস্তান টাইমস