ভাইজানের জন্য 'বিইং হিউম্যান' শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও সালমান খান
শাহরুখ খান ও সালমান খান

এরই মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম; সবখানেই বিগ বসে শাহরুখ-সালমানের অংশ নেওয়ার বিষয়টি তুমুল আলোচনায়। ছোটপর্দার এই রিয়েলিটি শোর জন্য ধারণকৃত দুজনের একটি ভিডিওর অংশ সর্বত্র রীতিমতো ঝড় তুলেছে। সর্বশেষ যে বিষয়টি এখন আলোচনায়, এ অনুষ্ঠানে সালমানের দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’-এর প্রচারের জন্য শাহরুখ খান একটি ‘বিশেষ’ শার্ট পরছেন।
শাহরুখ খান যে বিশেষ শার্টটি অনুষ্ঠানের প্রচারের জন্য পরছেন; সেটির বিশেষত্ব হচ্ছে, এটি সালমানের ‘বিইং হিউম্যান’ উদ্যোগটির স্মারক একটি শার্ট এবং এই শার্টটি শাহরুখ খানকে দিয়েছেন স্বয়ং ‘ভাইজান’ সালমান খান।
সম্প্রতি টুইটারে শাহরুখ খানকে তাঁর এক ভক্ত প্রশ্ন করেছিলেন, শাহরুখ কি কখনো ভাইয়ের অভাব বোধ করেছেন? এর উত্তরে শাহরুখ সেই ভক্তকে লেখেন, তাঁর দুই ছেলেই এখন বন্ধুর মতো, তারাই ভাই-বন্ধু সবকিছু। শাহরুখ আরও লিখেছিলেন, তাঁর ‘ভাইজান’ আছেন।
‘দিলওয়ালে’ ছবির প্রচারের জন্য ‘ভাইজান’ সালমান খানের সঙ্গে শাহরুখ মিলেছেন ‘বিগ বস ৯ ’-এর মঞ্চে। এরই মধ্যে মোটরবাইকের সাইড কারে বসে ‘ইয়ে দোস্তি...’ গানটির সঙ্গে যে ভিডিওচিত্রটিতে শাহরুখ খান ও সালমান অংশ নিয়েছেন তা রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
প্রসঙ্গত; বলিউডের দুই খান শাহরুখ ও সালমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক সময় সবার কাছেই ছিল ঈর্ষণীয় এক বিষয়। কিন্তু তাঁদের সেই গভীর বন্ধুত্বে ফাটল ধরে ২০০৮ সালের ১৬ জুলাই। সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন এই দুই খান। এরপর থেকে ক্রমেই তাঁদের দূরত্ব বাড়তে থাকে। বছরের পর বছর কথা বলেননি এই দুজন, এমনকি একে অন্যের ছায়াও মাড়াতেন না তাঁরা। শুধু তাই নয়; সুযোগ পেলেই কথার মারপ্যাঁচে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করতেন। এভাবেই এক সময় বলিউডের দুই চিরশত্রুতে পরিণত হন তাঁরা। তবে ২০১৩ সালের রমজান মাসে বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে আলিঙ্গন করে পাঁচ বছরের দ্বন্দ্বের অবসান ঘটান ‘বলিউড বাদশাহ’ শাহরুখ ও ‘দাবাং’ তারকা সালমান।

এরপর থেকে ক্রমশ একে অপরের পুরোনো সম্পর্কের উষ্ণতায় আবারও ফিরেছেন এই দুই বলিউড তারকা। সম্প্রতি বিগ বস ৯ অনুষ্ঠানে সালমানের আমন্ত্রণে এসেছিলেন শাহরুখ। অনুষ্ঠানের প্রচারের একটি ভিডিওতে ‘ইয়ে দোস্তি...’ গানের সঙ্গে অংশ নিয়েছেন দুজন। এরই জের ধরে এবারে সালমানের ‘বিইং হিউম্যান’-এর পক্ষে প্রচার কাজে অংশ নিচ্ছেন শাহরুখ খান। টাইমস অব ইন্ডিয়া। এনডিটিভি।