ভাইয়ের দরকার নেই, 'ভাইজান' আছেন!

খুদে ব্লগসাইট টুইটারে বলিউডের অভিনেতা ‘কিং খান’ শাহরুখকে সম্প্রতি তাঁর এক ভক্ত প্রশ্ন করেছিলেন, শাহরুখ কি কখনো ভাইয়ের অভাব বোধ করেছেন? উত্তরে শাহরুখ তাঁর এই ভক্তকে লিখেছেন, ‘আমার দুই ছেলে এখন আমার বন্ধুর মতো, তারাই আমার ভাই-বন্ধু সবকিছু। কাজেই আমি চমৎকার আছি।’ শাহরুখ এরপর টুইটারে ভক্তের প্রশ্নের উত্তরে লেখেন, ‘সর্বোপরি আমার ‘ভাইজান’ সব সময় সঙ্গেই আছেন।
বলিউডের এই তারকা অভিনেতা ‘দিলওয়ালে’ ছবির প্রচারের জন্য তাঁর ‘ভাইজান’ সালমান খানের সঙ্গে মিলছেন বিগ বস ৯ এর মঞ্চে। এরই মধ্যে সাইড কারে বসে ‘ইয়ে দোস্তি’ গানটির সঙ্গে যে ভিডিওচিত্রটিতে শাহরুখ খান ও সালমান অংশ নিয়েছেন তা রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
এ বছরের শেষ বড় আকর্ষণ হিসেবে শাহরুখ উপহার দিচ্ছেন তাঁর ‘দিলওয়ালে’ ছবি। এ ছবিতে শাহরুখের জুটি হয়েছেন কাজল।

প্রসঙ্গত, নব্বই দশকের সাড়া জাগানো ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে শাহরুখ খান ও কাজল জুটির অনবদ্য অভিনয় অগণিত দর্শকের হৃদয় জয় করেছিল। বলিউডের ইতিহাসে অন্যতম সফল এই ছবির কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পান শাহরুখ ও কাজল। এবার এই জুটিকে নিয়ে ‘দিলওয়ালে’ ছবি নির্মাণ করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত বলিউডের চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি। বড়দিনের উৎসবকে সামনে রেখে ‘দিলওয়ালে’ মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।
এদিকে, বহুদিন ধরেই সালমান ও শাহরুখ খান; বলিউডের এই দুই খানের মাঝে একটা বৈরিতার দেয়াল তৈরি হয়েছিল। গত পাঁচ বছর একে অন্যের ছায়াও মাড়াননি তাঁরা। কিন্তু কিছুদিন ধরে যেন তাঁরা সেই দেয়ালটি ভেঙে আবারও পরস্পরের কাছে এসেছেন। কিছুদিন আগে শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে মধ্যরাতে তাঁর বাংলোয় গিয়েছিলেন সালমান খান। এর আগেও একবার সালমানের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান।
এ ছাড়া, সালমানের বোন অর্পিতার বিয়েতেও গিয়েছিলেন শাহরুখ। সালমানের ‘বিগ বস-৯ ’এর আসরেও অংশ নেওয়ার বিষয়টিও যেন দুজনের ইদানীংকার উষ্ণ বন্ধুত্বেরই প্রমাণ দিচ্ছে। আর টুইটারে শাহরুখের এই টুইটের পর বিষয়টি এখন আরও স্পষ্ট। ইন্দো-এশিয়ান নিউজ।