ভারতজুড়ে 'চরম অসহিষ্ণুতা' চলছে, মন্তব্য শাহরুখের

ভারতজুড়ে ‘চরম অসহিষ্ণুতা’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কিং খান শাহরুখ খান। আজ সোমবার তাঁর ৫০ তম জন্মদিনে ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড বাদশা বলেন, ‘ভারতজুড়ে অসহিষ্ণুতা, চরম অসহিষ্ণুতা...আমি মনে করি...ভারতজুড়ে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা চলছে।’ খবর দা ইন্ডিয়ান এক্সপ্রেসের।
শাহরুখের টুইটার ফ্যানদের নিয়ে এই অনুষ্ঠানে আয়োজন করে ইন্ডিয়া টুডে টিভি। এতে তাঁর টুইটার ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বলিউড বাদশা। শাহরুখ বলেন, ‘এটি মূর্খতা, অসহিষ্ণু হওয়াটা চরম মূর্খতা। এবং এটি শুধু একটি ইস্যু না, এটিই এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু। ধর্মীয় অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িকতা এই মুহূর্তে একজন দেশপ্রেমিক ভারতীয় হিসেবে সবচেয়ে বড় অপরাধ।’
ভারত জুড়ে সম্প্রতি বিভিন্ন লেখক ও সাংবাদিকের ওপর আক্রমণের কারণে ভারতের লেখক, বিজ্ঞানী ও বুদ্ধিজীবীরা বিভিন্ন পুরস্কার ফেরত দিয়েছেন। প্রয়োজনে শাহরুখও তার পদ্মশ্রী পুরস্কার ‘প্রতীকী ফেরত’ দেবেন বলে জানিয়েছেন তিনি। এক ভক্তের প্রশ্নের জবাবে কিং খান বলেন, ‘যদি বলেন প্রতীকী ফেরত দেওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই ফেরত দেব যদি প্রয়োজন হয়।’ সেই সঙ্গে যারা এই পুরস্কার ফেরত দিয়েছেন তাঁদের প্রতি তিনি সম্মানও জানান। যে সব অভিনেতা এই সবের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়নি শাহরুখ তাঁদের সমালোচনা করেন।
এই অভিনেতা বলেন, কেউ তাঁর দেশ প্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারবে না এবং তোলা উচিতও না।
বলিউডের ‘কিং খান’ শাহরুখ আজ ২ নভেম্বর পঞ্চাশ বছরে পা রাখলেন। এ অভিনেতার ৫০ তম জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্যের ভক্তেরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রী গৌরী, তিন সন্তান, পরিবারের অন্য সদস্যরা ছাড়াও বলিউডের সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজন ও ভক্তরা জন্মদিন উপলক্ষে এ অভিনেতাকে শুভেচ্ছা জানান। জন্মদিন উপলক্ষে এ অভিনেতা এক নজর দেখতে এবং তাঁকে শুভেচ্ছা জানাতে মুম্বাইতে শাহরুখের বাসভবন মান্নাতের বাইরে ভিড় করেছিল অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।