ভারতীয় ছবি মানে অমিতাভের গুন্ডা পেটানো বা সত্যজিৎ: টম হ্যাঙ্কস

হয় সত্যজিৎ রায়, নয়তো দুষ্টু লোকদের মেগা স্টার অমিতাভ বচ্চনের ঢিসুম-ঢুসুম মার। ভারতীয় চলচ্চিত্র বলতে এ চিত্রটাই দীর্ঘদিন মনের মধ্যে গেঁথে গিয়েছিল অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসের। গুন্ডাদের পেটানোর এ চিত্র তাঁর কাছে ভারতীয় সিনেমার সম্পূর্ণ অভিধান। তাঁর মতে, নানা ধরনের ভারতীয় সিনেমা এবং সেসবের গল্প বলার কায়দা আজও পশ্চিমের কাছে একটা রহস্যের মতো। এ কারণেই বলিউড ক্রমশ সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে।
সংবাদসংস্থা আইএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘দীর্ঘদিন আমাদের কাছে বলিউড মানেই বিগ বি এবং নানান ভঙ্গিতে তাঁর গুন্ডা পেটানো দেখে শুরুতে আমরা কিছুতেই বুঝতে পারতাম না যে কী ঘটছে। সবাই যদি একই ভাষায় সিনেমা করতে শুরু করে, তাহলে নাহয় একটা কিছু বোঝা যেত! কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভারতীয় সিনেমাকে বুঝতে পেরেছি। তার ফলে পশ্চিমে নানা কিসিমের ভারতীয় সিনেমার প্রবেশ ঘটছে। জাপান বা চীনের সিনেমার প্রভাব ইতিমধ্যেই পশ্চিমে আছড়ে পড়েছে। যেমন অ্যাং লি-র “ক্রাউচিং টাইগার, হিডেন ড্র্যাগন”। এসব পরিচালকের অনেকেই এখন দেদার ছবি বানাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ভারতীয় সিনেমার মধ্যে আমাদের পরিচিত ছিল সত্যজিৎ রায়ের সিনেমা। কিন্তু যেহেতু মার্কিনরা সব ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, তাই বলিউডের অন্য ঘরানার ছবিও সময়ের সঙ্গে সঙ্গে আমাদের নজরে আসে।’
ইতিমধ্যে ভারতীয় অভিনেতা ইরফান খানের সঙ্গে ‘ইনফার্নো’ ছবিতে কাজ করেছেন টম হ্যাঙ্কস। তাঁর মনে হয়েছে, এখন থেকে নিয়মিতই তিনি ভারতীয় ছবিতে অভিনয় করতে পারবেন। টম জানান, এমন কোনো ছবিতে এখন তিনি অভিনয় করবেন না, যেখানে তাঁকে ‘সুপার স্পাই’ হয়ে তাজমহলের মাথায় চড়তে হবে অথবা হেলিকপ্টারে চেপে স্টান্ট দেখাতে হবে। বরং তিনি সাধারণ ভারতীয় মানুষের জীবনীভিত্তিক কোনো ছবিতে অভিনয় করতে আগ্রহী। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।