ভারতের উৎসবে জাপানি তরুণ নির্মাতা পেলেন ৪৬ লাখ টাকার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বর্ণ ময়ূরজয়ী জাপানি সিনেমা ‘রিঙ্গু ওয়ান্ডারিং’–এর পরিচালক মাসাকাজু কানেকো
ছবি:সংগৃহীত

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ ময়ূর জিতেছে জাপানি সিনেমা ‘রিঙ্গু ওয়ান্ডারিং’। সিনেমাটির পরিচালক মাসাকাজু কানেকো। পুরস্কার বাবদ সিনেমাটি পাবে ৪০ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ লাখ টাকা। গোয়ায় পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ২৮ নভেম্বর শেষ হয় আইএফএফআইয়ের ৫২তম আসর। উৎসবটি শুরু হয়েছিল ২০ নভেম্বর।

স্বর্ণ ময়ূরজয়ী জাপানি সিনেমা ‘রিঙ্গু ওয়ান্ডারিং’– পোস্টার
ছবি: সংগৃহীত

টোকিওতে থাকেন সসুকে। তাঁর ইচ্ছে একজন মাঙ্গা শিল্পী হওয়া। শিকারি আর নেকড়েকে নিয়ে লেখা তাঁর কাজটি মাঝপথে আটকে যায়। এর মধ্যে যে নির্মাণাধীন সাইটে তিনি থাকেন, সেখানে একটা প্রাণীর খুলি খুঁজে পান তিনি। এই নিয়েই এগিয়ে যায় ড্রামা ও ফ্যান্টাসি ঘরানার সিনেমা রিঙ্গু ওয়ান্ডারিংয়ের কাহিনি। ১ ঘণ্টা ৪৪ মিনিটের এই সিনেমা এর আগে ওয়ারশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জুরি ও আন্তর্জাতিক বিভাগে পুরস্কার জিতেছে। এটি নির্মাতা মাসাকাজু কানেকোর তৃতীয় সিনেমা। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শো কাসামাতসু।

স্বর্ণ ময়ূরজয়ী জাপানি সিনেমা ‘রিঙ্গু ওয়ান্ডারিং’–র একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

আইএফএফআইতে এই বছর আন্তর্জাতিক বিভাগে ১৫টি সিনেমা প্রতিযোগিতা করে। ‘সেভিং ওয়ান হু ওয়াজ ডেড’ সিনেমার জন্য এই বছর সেরা নির্মাতার পুরস্কার পায় ভাকলাভ কাদ্রাঙ্কা।

‘সেভিং ওয়ান হু ওয়াজ ডেড’ সিনেমার পোস্টার
ছবি: সংগৃহীত

আজ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, রণধীর কাপুর, প্রধান অতিথি ছিলেন মাধুরী দীক্ষিত ও ইউনিয়ন মিনিস্টার অনুরাগ ঠাকুর ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত।