ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন বিজয়ীরা

এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম আগেই ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে পুরস্কার হাতে তুলে দেওয়ার কাজটিই ছিল বাকি। মঙ্গলবার ভারতের দিল্লিতে সেই কাজটিও সম্পন্ন হয়ে গেল।

এদিন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেছেন। ‘পিকু’ ছবির জন্য অমিতাভ বচ্চন এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এটি তাঁর চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন কঙ্গনা রনৌত। ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্নস’-এ অভিনয় করে এবার এ পুরস্কার পেয়েছেন তিনি। কঙ্গনা এই নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন। এর আগে ‘ফ্যাশন’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ও ‘কুইন’–এর জন্য সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছিলেন।

তা ছাড়া এ বছর ‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’-এর জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোচেলিন। সেরা চলচ্চিত্র ‘বাহুবলী’-এর জন্য পুরস্কার তুলে দেওয়া হয়েছে এস এস রাজমৌলির হাতে।

সেরা জনপ্রিয় ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর জন্য পুরস্কার পেয়েছেন পরিচালক কবির খান। এবারের আসরে সর্বাধিক সাতটি বিভাগে পুরস্কার অর্জন করেছে সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও-মাস্তানি’। এনডিটিভি।