ভারতের রাষ্ট্রপতি ভবনে 'পিকু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও সুজিত সরকার
অমিতাভ বচ্চন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও সুজিত সরকার

পিকু ছবি মুক্তির প্রায় মাস পেরোল। কিন্তু এখনো বলিউড থেকে যেন পিকু–ঘোর কাটছেই না। বক্স অফিস জয় করার পর এখন ছবিটি মুগ্ধ করল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গত রোববার রাতে পিকু ছবির এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শক ছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তাঁর মেয়ে শর্মিষ্ঠাসহ ভারতীয় রাজনৈতিক নেতারা। সেই সময় তাঁদের সঙ্গে আরও ছিলেন পিকু অভিনেতা অমিতাভ বচ্চন ও পরিচালক সুজিত সরকার।
ছবি প্রদর্শনীর দিন রাষ্ট্রপতি ভবনে আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, রেলমন্ত্রী সুরেশ প্রভু, অমিতাভপুত্র অভিষেক বচ্চন প্রমুখ। তবে বিদেশে থাকার কারণে এদিন প্রদর্শনীতে উপস্থিত হতে পারেননি পিকুর আরও দুই শিল্পী দীপিকা পাড়ুকোন ও ইরফান খান।
ছবিটি দেখার পর রাষ্ট্রপতি নৈশভোজে আমন্ত্রণ জানান অতিথিদের। এরপর ছবির কলাকুশলীদের হাতে তুলে দেন স্মারক।
পিকু দেখে মুগ্ধ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সে কথা অমিতাভ বচ্চন জানিয়েছেন টুইট করে। লিখেছেন, ‘বাংলা-হিন্দি মেশানো সংলাপ রাষ্ট্রপতির দারুণ পছন্দ হয়েছে।’