ভালো চলছে 'হাউসফুল থ্রি', আসবে 'ফোর'

অবিশ্বাস্য ব্যবসা করছে ‘হাউসফুল থ্রি’। পাশাপাশি পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। তারপরও ছবিটির আরও একটি পর্ব তৈরি করতে চান নির্মাতারা। ‘হাউসফুল ফোর’ হবে কি না, জানতে চাইলে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘দারুণ একটা সিরিজ। নিশ্চয়ই আরও একটির কাজ শুরু করব।’
অন্যদিকে ছবির অভিনেতা অক্ষয় কুমার বলেন, ‘হাউসফুল ফোর’ করাটা খুব একটা সহজ হবে না। সময় লাগবে।’
‘হাউসফুল টু’ ও ‘হাউসফুল থ্রি’-এর মধ্যে সময় গেছে প্রায় চার বছর। অক্ষয় বলেন, ‘সবচেয়ে বেশি সময় গেছে চিত্রনাট্যের পেছনে। পরেরটা করতে সময় লাগবে। ব্যাপারটা নিয়ে আমরা বসব, কথা বলব। এতগুলো মানুষকে এক জায়গায় বসানো তো সহজ কথা নয়।’
অক্ষয় বললেন, এটা আসলে একটা টিমওয়ার্ক। ছবির চিত্রনাট্য সম্পন্ন হয়েছিল, কারণ দলটির সবাই সবাইকে পছন্দ করেছে।
সাজিদ ফরহাদ পরিচালিত দ্বিতীয় ছবি ‘হাউসফুল থ্রি’। ৩ জুন এটি মুক্তি পায়। অক্ষয়কে নিয়ে এর আগে তিনি করেছিলেন ‘এন্টারটেইনমেন্ট’ ছবিটি। মিড ডে।