ভালো আছেন ধর্মেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মেন্দ্র
ধর্মেন্দ্র

হিন্দি চলচ্চিত্রের ‘হি-ম্যান’খ্যাত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন-এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ধর্মেন্দ্রর অফিস থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, তিনি ভালো আছেন।
ধর্মেন্দ্র অভিনীত নতুন ছবি ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ মুক্তি পাচ্ছে আগামী ৩ জুলাই। ছবিটির মাধ্যমে বলিউড অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেতা গোবিন্দর মেয়ে টিনা আহুজার। ছবিটির শুটিং করতে গিয়ে কাঁধে চোট পাওয়ায় গতকাল বৃহস্পতিবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। স্বাস্থ্যপরীক্ষার পর হাসপাতাল ছাড়েন তিনি।
এ প্রসঙ্গে ধর্মেন্দ্রর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে তিনি ভালো আছেন এবং ছবির ডাবিং করছেন।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মেন্দ্র। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জয় দেশাইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এমআরআই, এক্স-রে এবং অন্যান্য স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। সেগুলোর ফলাফল হাতে আসার পরই কেবল কিছু বলা সম্ভব হবে।
গত বছরের এপ্রিলেও পাঞ্জাবি ‘ডাবল ট্রাবল’ ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র। তখন তাঁকে পূর্ণ বিছানা বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। এ ছাড়া ২০১০ সালে বুকে ব্যথা নিয়ে চণ্ডিগড় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই ‘শোলে’ তারকা।