ভালো নেই যুক্তরাষ্ট্রে চিকিৎসারত মিঠুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী

বেশ কিছুদিন ধরে পর্দায় নেই তিনি। দেখা যাচ্ছে না কোনো অনুষ্ঠানেও। বলিউডের দাদাখ্যাত মিঠুন চক্রবর্তীর এই না থাকা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। সমালোচকেরা বলছেন, ভারতে চলমান সারদা কাণ্ডে ‘ব্যথিত’ অভিনেতা আত্মগোপনে চলে গেছেন। কিন্তু তাঁর আসল খবর জানিয়েছেন মিঠুনের ব্যবস্থাপক বিজয়। জানিয়েছেন, ‘দাদা ভালো নেই। তিনি এখন আমেরিকায়। তাঁর পিঠের হাড় ভেঙেছে।’

২০০৯ সালে ইমরান খান ও শ্রুতি হাসান অভিনীত ‘লাক’ ছবিতে শুটিং করতে গিয়ে পিঠে আঘাত পান এই অভিনেতা। হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার ওই দৃশ্য ধারণ করার পর থেকেই পিঠের ব্যথা কাবু করে ফেলে এই তারকাকে। মিঠুনের ব্যবস্থাপক বলেছেন, ‘এই যন্ত্রণাটা দাদার জন্য অপেক্ষা করে ছিল। ভাবুন তো, কতগুলো অ্যাকশন ফিল্ম করেছেন তিনি। মাসখানেক আগে যন্ত্রণা মারাত্মক বেড়ে যায়। তাঁর পিঠে একটা ফ্র্যাকচারও হয়েছে। লস অ্যাঞ্জেলেসে তাঁর চিকিত্‍সা চলছে।’ চলতি মাসের শেষের দিকে বাংলার এই জনপ্রিয় অভিনেতা সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে আশা করছেন তাঁর ব্যবস্থাপক।
একটা সময় বলিউডে জনপ্রিয়তায় তুঙ্গে থাকা তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজনীতিতে এনেছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৪ সালে তাঁকে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদও করেছিলেন মমতা। হঠাৎ করেই সারদা কেলেঙ্কারিতে উঠে আসে মিঠুনের নাম। ভারতের বহুজাতিক শিল্পগোষ্ঠী ‘সারদা’-এর দূত ছিলেন মিঠুন। এনডিটিভি।