ভালোবাসা দিবস নিয়ে আলিয়ার টিপস!

ভালোবাসা দিবস উদযাপন নিয়ে বেশ কিছু মজার টিপস বা টোটকা দিয়েছেন বলিউডের নতুন প্রজন্মের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়ার এসব টিপসের মধ্যে উল্লেখযোগ্য একটি টোটকা হচ্ছে, প্ল্যানিং বা পরিকল্পনা। সত্যিই তো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে ভালোবাসা দিবসটি আপনি কীভাবেই বা উদযাপন করবেন! আলিয়া জানিয়েছেন, ভালোবাসার মানুষটির সঙ্গে সূর্যোদয় দেখা কিংবা বিশেষ কারও জন্য কোনো কিছু বানানো হচ্ছে ভালোবাসা দিবসের পরিকল্পনায় বাড়তি কিছু উজ্জ্বলতা যুক্ত করা!
বুদ্ধিমতী আলিয়া ভালোবাসা দিবসের জন্য পরিকল্পনা বা ‘প্ল্যানিং’সহ আরও যেসব টিপস জানিয়েছেন, সেগুলো হচ্ছে—
প্ল্যানিং বা পরিকল্পনা
শুরুর বিষয়টি সব সময়ই প্রথমে। আগে থেকেই পরিকল্পনা করা বা ঠিক করে নেওয়া যে এ দিনটি আপনি ভালোবাসার মানুষটির সঙ্গে কীভাবে কাটাবেন। সেই বিশেষ বিষয়গুলোর কথা ঠিক করে নেওয়া, যা তাকে আনন্দ দেবে কিংবা যা তার প্রিয়।
ছবি দেখা
একসঙ্গে বসে ছবি বা চলচ্চিত্র দেখা। বিশেষ করে যে ছবি ভালোবাসার। আলিয়া তাঁর পছন্দের বেশ কয়েকটি ছবির নামও লিখে দিয়েছেন। যেমন— ‘কাসাব্লাংকা’, ‘গন উইথ দ্য উইন্ড’, এরপর ঝটপট ‘টাইটানিক’, ‘দ্য নোটবুক’ আর ‘প্রিটি উইম্যান’। আলিয়ার পছন্দ নিশ্চয় আপনারও পছন্দ হবে। ছবি দেখার সময় অ্যাডঅন বা বাড়তি আকর্ষণ হিসেবে পপকর্ন, কোল্ড কফি আর আইসক্রিমের কথাও বলেছেন আলিয়া। বোঝাই যাচ্ছে, অভিজ্ঞতা থেকেই এই টোটকা জানিয়েছেন তিনি।
সূর্যোদয় দেখা
দিন দুপুর হতে চলল। কাজেই এবারের ভালোবাসা দিবসে আর একসঙ্গে সূর্যোদয় দেখা সম্ভব হবে না। কিন্তু সামনের ভালোবাসা দিবসের জন্য এটা পরিকল্পনায় থাকতে পারে। সবাই একসঙ্গে সূর্যাস্তই দেখেন। কিন্তু আলিয়ার পরামর্শ হচ্ছে—ভালোবাসা দিবসে একসঙ্গে সূর্যোদয় দেখলে দিনটা চমৎকার হতে পারে। সামনের বছর চেষ্টা করে দেখতে পারেন। পরামর্শ হিসেবে মন্দ বলেননি এই অভিনেত্রী।
বাইরে যাওয়া
ঘরের মধ্যে আর কত! ভালোবাসার মানুষটিকে নিয়ে বাইরের আলো-হাওয়ায় বেরিয়ে পড়তে বলেছেন আলিয়া। পর্যটন স্পট, মিউজিয়াম এসবের পাশাপাশি লোকালয় ছেড়ে রোমাঞ্চকর একযাত্রায় অপরিচিত কোথাও কোনো দূরের পথেও ভালোবাসার মানুষটিকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন আপনি।
এসব ছাড়াও আলিয়ার টিপসের মধ্যে রয়েছে ভালোবাসার মানুষটিকে নিয়ে সন্ধ্যায় কোথাও যাওয়া, বিশেষ কিছু রান্না করা, অবাক ও মুগ্ধ করবে এমন কোনো বিশেষ আয়োজন করা।
যা-হোক নারী হিসেবে এই টিপস আলিয়া, বিশেষ করে নারীদের জন্য দিলেও প্রেমিকেরাও এই টিপস কাজে লাগাতে পারবেন। একটু চেষ্টা করে দেখবেন নাকি! ভালোবাসা দিবসটা ভালো কাটতেও পারে। ইন্দো-এশিয়ান নিউজ