ভালোবাসায় ফাটল ধরাতে 'টয়লেট' যথেষ্ট
ভালোবাসায় ‘টয়লেটে’র গুরুত্ব কতটুকু, তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে অক্ষয় কুমার রাখতে যাচ্ছেন এক অনন্য অবদান। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত অক্ষয় অভিনীত চলচ্চিত্র ‘টয়লেট এক প্রেম কাথা।
শ্রী নারায়ণ সিং পরিচালিত এবং অরুণা ভাটিয়া প্রযোজিত ছবিটিতে দেখা যাবে কেশব ও জয়া মথুরার কাছাকাছি দুটি ভিন্ন গ্রামের বাসিন্দা। যেখানে প্রায় ৮০ ভাগ মানুষ টয়লেট ব্যবহার করে না। ভালোবেসে কেশব ও জয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের রাতেই বাড়িতে টয়লেট না থাকাকে কেন্দ্র করে সংসারে তৈরি হয় নানা জটিলতা; ভালোবাসায় ধরে ফাটল।
সেই ফাটল সূচনা করে পরিবর্তনের এক নতুন ধারা। যেখানে কেশব তার স্ত্রীকে ফিরে পেতে পুরোনো ধ্যানধারণা বদলের উদ্যোগ নেয়। এ ছাড়া একটি বাড়িতে টয়লেট না থাকলে নারীদের কী কী সমস্যা পোহাতে হয়, তা-ও তুলে ধরা হয় এই ছবিতে।
ছবির প্রচারে গিয়ে অক্ষয় কুমার বলেন, ‘আমি ছবিটির কাজ চলাকালে এমন অনেক নারীদের সঙ্গে কথা বলেছি, যাঁরা টয়লেট ব্যবহার করেন না। তাঁদের সকালে সবার সঙ্গে খেতে যেতে হয় এবং সন্ধ্যা পর্যন্ত আবার যেতে অপেক্ষা করতে হয়। যার ফলে নারীরা কিডনি জটিলতায় ভোগেন। এটা আমাদের কাম্য নয়।’ তিনি আরও বলেন, ‘ভারত তখনই শক্তিশালী হবে, যখন মায়েরা শক্তিশালী হবেন।’
গত ১১ জুন মুক্তি পায় ছবিটির ট্রেলার, যা ভারতবাসীর মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। টয়লেটের গুরুত্ব, স্ত্রীর সম্মান ও ভালোবাসা রক্ষা আর পুরোনো ধ্যানধারণা বদলের প্রয়াস ছবিটির কাহিনির মোড় কোথায় নেবে, তা-ই এখন দেখার অপেক্ষায়। কমেডি ধাঁচের ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ভূমি পেডেনকার, অনুপম খের প্রমুখ।
*শিফা আক্তার