ভিকির সঙ্গে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়ারা আদভানি ও ভিকি কুশল
কিয়ারা আদভানি ও ভিকি কুশল

ভিকি কুশল ও কিয়ারা আদভানির জুটিকে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ’ ছবিতে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শক। করণ জোহর সেই অমনিবাস চলচ্চিত্রের ওই নির্দিষ্ট অংশের পরিচালক ছিলেন। ভিকি–কিয়ারা–করণ—এই ত্রয়ীকে আবার একসঙ্গে পর্দায় পাওয়ার একটি সুযোগ এসেছিল, কিন্তু সুযোগটি কাজে লাগানো গেল না। কিয়ারা ফিরিয়ে দিলেন করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের নতুন ছবির প্রস্তাব। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ভিকি কুশল।

যদি কিয়ারা ধর্ম প্রোডাকশনের নতুন ছবির প্রস্তাবটি ফিরিয়ে না দিতেন, তাহলে ‘লাস্ট স্টোরিজ’–এর মতো আবার পর্দায় ভিকি ও তাঁর রসায়ন দেখা যেত। এবারের ছবিটিও প্রেমের গল্পের। পরিচালনা করছেন ভানু প্রতাপ সিং। কিন্তু কিয়ারা তাঁর হাতে থাকা একগাদা কাজের কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন। তবে ভিকি কুশল হাতছাড়া করেননি সুযোগ। তিনি করণের ধর্ম প্রোডাকশনে রীতিমতো নিজের ঘাঁটি গেড়ে বসেছেন। অভিনয় করেছেন আলিয়া ভাটের বিপরীতে ‘রাজি’ ছবিতে।

এরই মধ্যে করণ জোহর পরিচালিত ও প্রযোজিত তারকাবহুল ‘তখত’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এবার খবর এল একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরও একটি ছবির নায়ক হওয়ার। কিন্তু কিয়ারা ঠিক ধর্ম প্রোডাকশনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলেন না। এক সূত্র বলেছে, ভানু প্রতাপ সিংয়ের ছবিতে কিয়ারার চরিত্রটি খুবই সংক্ষিপ্ত। তা ছাড়া ওই ছবির শুটিংয়ের সময় কিয়ারা আরেক ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন। তাই ইচ্ছা থাকলেও ভিকির সঙ্গে অভিনয় করতে পারছেন না কিয়ারা আদভানি। স্পটবয় ডটকম।