ভিন্নরূপে কঙ্গনা

রুপালি পর্দায় একটু ভিন্নভাবেই দেখা যায় তাঁকে। নতুন ছবি ‘সিমরান’-এও এর ব্যতিক্রম হয়নি। পরচুলায়, ববকাটে ভিন্ন রূপেই দেখা গেল কঙ্গনা রনৌতকে।
‘ফ্যাশন’ ছবি থেকে শুরু করে ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’—প্রত্যেকটি ছবিতেই কঙ্গনা একটু ব্যতিক্রমী। বলিউডের গতানুগতিক নায়িকা চরিত্র থেকে যেন একটু আলাদা। এবার হানসাল মেহতার ‘সিমরান’ ছবিতেও ভক্তদের জন্য রয়েছে চমক। সম্প্রতি ছবিটির সেটে তোলা ব্যতিক্রমী রূপের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে কঙ্গনা ও হানসালকে একসঙ্গে দেখা যায়। কঙ্গনার চোখে ছিল কালো ফ্রেমের চশমা ও মাথায় ববকাট পরচুলা। বর্তমানে ছবিটির শুটিংয়ে যুক্তরাষ্ট্রে আছেন তিনি।
ছবিতে কঙ্গনা প্রফুল পাতিল নামে এক গুজরাটি নারীর চরিত্রে অভিনয় করছেন। ছবিতে একজন বাড়িওয়ালির গল্প বলা হয়েছে, যিনি আকস্মিকভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে যান। আগামী বছর ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।
ইন্ডিয়া টুডে