ভিড়ের মধ্যে হাঁটা সেই ছেলেটিই পরে নায়ক হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জীব কুমার
সঞ্জীব কুমার

‘সোলে’, ‘কৌশিস’, ‘দস্তক’, ‘আন্ধি’, ‘সীতা অউর গীতা’, ‘সিলসিলা’সহ অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন সঞ্জীব কুমার। এটা ঠিক, বলিউডের ‘হার্টথ্রব’ নায়কের আসন তিনি কখনো পাননি। কিন্তু অভিনেতা হিসেবে অসংখ্য দর্শকের মন জয় করে নিয়েছিলেন প্রয়াত সঞ্জীব। 

অনেকেরই হয়তো অজানা, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেতা ‘এক্সট্রা’ শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে নাম লিখিয়েছিলেন। ঘটনাচক্রে একবার ‘মুঘল-এ-আজম’ খ্যাত নির্মাতা কে আসিফের চোখে পড়ে যান তিনি। সুযোগ পান গুণী এই নির্মাতার ছবির নায়ক হওয়ার। কিন্তু বিধিবাম। পরে সেই ছবির শুটিং বাতিল হয়ে যায়। তবে, সঞ্জীব কুমার বলিউডে তাঁর প্রতিভার সাক্ষর ঠিকই রাখতে পেরেছিলেন।
অনেক আগে সঞ্জীব কুমার এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে তাঁর অতীতের কিছু স্মৃতি মেলে ধরেছিলেন। সম্প্রতি ভারতের অনলাইন পত্রিকা বলিউড বাবল সেই সাক্ষাৎকারের অংশবিশেষ পুনঃপ্রকাশ করেছে। সেখানে জানা যায়, নির্মাতা কে আসিফের ‘লাভ অ্যান্ড গড’ নামের একটি ছবিতে ‘এক্সট্রা’ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন সঞ্জীব কুমার। সেখানে তাঁর উপস্থিতি ছিল ক্ষণিকের। সিনেমার একটি দৃশ্যে ভিড়ের মধ্য দিয়ে হেঁটে আসতে হয়েছিল সঞ্জীবকে। ছবিটির নায়ক ছিলেন গুরু দত্ত। কিন্তু ‘লাভ অ্যান্ড গড’-এর শুটিং বাকি থাকতেই আত্মহত্যা করেন এ অভিনেতা। গুরু দত্তের মৃত্যুতে ভাগ্য খুলে যায় সঞ্জীব কুমারের। ‘এক্সট্রা’ হলেও সঞ্জীবের মধ্যে নায়ক হওয়ার তেজ দেখতে পেয়েছিলেন কে আসিফ। তাই অসমাপ্ত ছবির নায়ক হওয়ার প্রস্তাব তিনি সঞ্জীবকে দেন। বলাই বাহুল্য, এ অভিনেতা প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছিলেন। সেটি ছিল সঞ্জীবের ক্যারিয়ারের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’। কিন্তু নতুন করে ছবির শুটিং শুরু হওয়ার পর আবারও কাজ থেমে যায়। এবার শুটিং বাতিল হওয়ার কারণ খোদ নির্মাতা কে আসিফ। ‘লাভ অ্যান্ড গড’ পরিচালনার মাঝপথে তিনি মৃত্যুবরণ করেন।

সিনেমার দৃশ্যে হেমা মালিনী ও সঞ্জীব কুমার। কথিত আছে সঞ্জীব ১৯৭৩ সালে ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।
সিনেমার দৃশ্যে হেমা মালিনী ও সঞ্জীব কুমার। কথিত আছে সঞ্জীব ১৯৭৩ সালে ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

কে আসিফের সেই ছবিটি যদিও পরে আর মুক্তি পায়নি। কিন্তু কিংবদন্তি এই নির্মাতার সঙ্গে কাজের সুযোগই সঞ্জীব কাপুরের কপাল খুলে দিয়েছিল। কথিত আছে, চিরকুমার এই তারকা ১৯৭৩ সালে ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েক বছর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি ১৯৭৬ সালে সঞ্জীব কুমারের প্রথম হার্ট অ্যাটাকের পরেও সেই সম্পর্ক অটুট ছিল। পরে এ অভিনেতা অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। এরপর ১৯৮৫ সালে মাত্র ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলে মারা যান সঞ্জীব কুমার। মৃত্যুর পরও এ অভিনেতার প্রায় ১০টি ছবি মুক্তি পায়। তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘প্রফেসর কি পাড়োসান’ মুক্তি পায় ১৯৯৩ সালে।
সূত্র: বলিউড বাবল