ভূত থেকে পরি

আনুশকা শর্মার ‘ফিল্লৌরি’ ব্যবসায়িকভাবে সফল। সমালোচকেরাও এই সিনেমার প্রশংসা করেছেন। এই আনন্দের রেশ থাকতে থাকতেই আনুশকা তাঁর প্রযোজনা সংস্থা থেকে তৃতীয় ছবিটি নির্মাণের ঘোষণা দিলেন। মজার বিষয় হলো, নিজের প্রযোজিত শেষ ছবি ‘ফিল্লৌরি’তে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন আনুশকা। আর তাঁর নতুন ছবিটির নাম ‘পরি’।
এই ছবিতে আনুশকার বিপরীতে দেখা যাবে অভিনেতা পরমব্রতকে। এই ছবিতে কাজ করা প্রসঙ্গে পরম বলেন, ‘ছবির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর ‘পরি’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই আমাকে মুগ্ধ করেছে। আনুশকা শর্মার সঙ্গে কাজ করব—এটা ভেবেও ভালো লাগছে। আমি এখন ছবির শুটিং শুরুর অপেক্ষায় আছি। আশা আছে কাজটি ভালো হবে।’

আনুশকার ভাষ্য, ‘আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট বরাবরই নতুন গল্পের ওপর বেশি গুরুত্ব দেয়, যেন দর্শক ছবির গল্পে একদম ডুবে যেতে পারে। নতুন প্রতিভা নিয়ে একদম ভিন্ন ধারার সিনেমা বানাতে চাই আমরা।’ জুম টিভি।