ভূমি যেভাবে ফ্যাট থেকে ফিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি এখন, ভূমি তখন। ফাইল ছবি
ভূমি এখন, ভূমি তখন। ফাইল ছবি

২০১৫ সালে ‘দম লাগাকে হেঁইসা’ সিনেমায় দেখা মিলেছিল প্রায় ৯০ কেজি ওজনের নায়িকার। সেই ভূমি পেদনেকারকে দুই বছর বিরতি দিয়ে আবার হাজির হচ্ছেন পর্দায়। মুক্তির আগেই বেশ শোরগোল ফেলে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর নতুন ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’। এর মধ্যে ভূমিকে যাঁরা দেখেননি, চমকে উঠবেন। ৯০ কেজি ওজনের সেই ভূমি আর এই ভূমিতে যে আকাশ-পাতাল ফারাক।

প্রথম ছবিতেই ভূমি জিতেছিলেন ফিল্মফেয়ারের সেরা নবাগতার পুরস্কার। মহারাষ্ট্রে জন্ম নেওয়া ২৮ বছর বয়সী এ নায়িকা এখন অনেক স্থূলকায় মেয়েরও প্রেরণা, সামনে এগিয়ে যাওয়ার। নিজেকে বদলে ফেলার। সেই বদলানোর শুরুটা ভূমি অবশ্য বেশ আগেই করেছিলেন। ছবির প্রয়োজনেই ভূমি ২০-২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন। ছবির কাজ শেষ হওয়ার পরের চার মাসে ওজন কমিয়েছেন ২১ কেজি! কেবল মুটিয়েই যাচ্ছি বলে যারা হা-পিত্যেশ করে, ভূমি তাদের জন্য একটা উদাহরণ। ওজনের মিটার যে নিজের হাতেই রাখা যায়!

কীভাবে অসাধ্যসাধন করলেন?
তেমন কিছুই না। প্রথাগত ভারতীয় খাবারই পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করেছেন ভূমি। ইনস্টাগ্রামে এ নিয়ে ভক্তদের টিপসও দিয়ে হয়েছে তাঁকে বেশ লম্বা সময় ধরে। ভূমি উল্লেখ করেছেন, প্রতিদিন ছয়-সাত লিটার পানি খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিদিন ‘ডেটক্স ওয়াটার’ (লেবু ও শসা মিশ্রিত পানি) গ্রহণের কথাও বলেন তিনি। মাঝেমধ্যে খেয়েছেন পুদিনাপাতার নির্যাস মিশ্রিত পানি।

ভূমি একটা কথা জোর দিয়ে উল্লেখ করেছেন, ডায়েটিং মানেই কম খাবার গ্রহণ নয়। পরিমিত খাবার গ্রহণই ডায়েটিং। ভূমির রোজকার খাদ্যাভ্যাস হলো রোজ সকালে উঠে এক গ্লাস ‘ডেটক্স ওয়াটার’ কিংবা গরম পানি খাওয়া। এর আধা ঘণ্টা পর মিউসেল (শুকনো ফল, দুধ ও ওটস মিশ্রিত খাবার) ও ননিবিহীন দুধ খেয়েছেন। মাঝেমধ্যে পেটে পড়েছে ফ্ল্যাক্স কিংবা সূর্যমুখীর বিচি।

‘টয়লেট: এক প্রেম কথা’র পোস্টার (২০১৭)
‘টয়লেট: এক প্রেম কথা’র পোস্টার (২০১৭)

তবে এসব তাঁর সকালের নাশতা নয়। রুটি, দুটি ডিম আর ফল (পেঁপে অথবা আপেল) দিয়ে সকালের নাশতা সেরে ভূমি ঢুঁ মেরেছেন জিমে। সেখানে ঘাম ঝরানোর পর খেয়েছেন আরও পাঁচটি ডিম! ভূমির মতে, সিমেক্স অভ্যাস থাকলে সকালে একটু ভারী নাশতা ভীষণ দরকারি।

ভূমির দুপুরের খাবারের মেনুতে থাকে রুটি, সবজি ও ডাল। দুপুরে এক গ্লাস দইয়ের পাশাপাশি লবণ ও জিরা মিশ্রিত পানিও খেয়েছেন। এ ছাড়া মাঝেমধ্যে গ্রিলড চিকেন ও স্যান্ডউইচও থেকেছে দুপুরের খাবারে। প্রায় ৪০০ থেকে ৫০০ ক্যালরিসম্পন্ন এ খাবার প্রসঙ্গে ভূমির মন্তব্য, ‘আমি না খেয়ে থাকিনি, স্বাস্থ্যকর খাবার খেয়ে ঘাম ঝরিয়েছি।’

ভূমির রাতের খাবারে থেকেছে ফল, গ্রিলড ফিশ, সালাদ এবং বাদামি চালের ভাত। ভূমির মতে, দিন শেষ করার এটাই সেরা মেনু।

ভূমির এই খাদ্যাভ্যাস তাঁকে পরিণত করেছে ‘ফ্যাট থেকে ফিট’-এ। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।

‘দম লাগাকে হেঁইসা’ ছবির পোস্টার (২০১৫)
‘দম লাগাকে হেঁইসা’ ছবির পোস্টার (২০১৫)