ভূমিকম্প নিয়ে অমিতাভের টুইট

‘ভূমিকম্প’। বুঝলাম প্রায় সাড়ে ৪টায়, এ কলকাতায়, তীব্র ঝাঁকুনি!— এটি আর কারও মন্তব্য নয়, স্বয়ং বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের। আজ ৪ জানুয়ারি বেলা ১১টা ৩৫ মিনিটে খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় ভূমিকম্প নিয়ে নিজের মন্তব্য জানান তিনি।
‘তিন’ ছবির অভিনয়ের জন্য এখন কলকাতায় আছেন ‘বিগ বি’ অমিতাভ। আজ ভোরবেলার ভূমিকম্পটি টের পেয়েছেন অমিতাভ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন তিনি।
টুইটারে অমিতাভ আরও লিখেছেন, ‘... বিছানা নড়ছিল... আমি পুরো অবাক... সকালে উঠে নিশ্চিত হলাম... প্রার্থনা করি, সবাই সুরক্ষিত রয়েছেন... প্রার্থনা!’
আজ ভারতের স্থানীয় সময় ৪টা ৩৫ মিনিট (বাংলাদেশের সময় ৫টা সাত মিনিট) নাগাদ ভারত-মিয়ানমার সীমান্তে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৭। উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল থেকে ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত-সংলগ্ন এলাকা।
প্রসঙ্গত, পরিচালক ঋভু দাশ গুপ্তের ‘তিন’ ছবির শুটিংয়ের এই ‘অ্যাংরি ওল্ডম্যান’কে নিয়ে এখন অন্যরকম ব্যস্ত শহর কলকাতা। ‘তিন’ ছবিতে অমিতাভের পাশাপাশি আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিদ্যা বালান। অমিতাভের চরিত্রটি এ ছবিতে একজন অবাঙালি কলকাতাবাসীর। আর বিদ্যা বালান হচ্ছেন পুলিশ অফিসার। ‘তিন’ ছবিতে নওয়াজউদ্দিনের চরিত্রটি একজন প্রাক্তন পুলিশ অফিসারের, যাকে এ ছবিতে দেখা যাবে একজন যাজকের ভূমিকায়। একটি খুনের ঘটনাকে ঘিরে রহস্য এবং সেই রহস্যকে কেন্দ্র করেই অমিতাভ বচ্চন, বিদ্যা বালান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি হিন্দি থ্রিলার ছবি ‘তিন’ ছবির মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন। টুইটার।