ভূমির অন্য অভিজ্ঞতা

বলিউডের নায়িকা হতে চান? আপনাকে অবশ্যই হতে হবে ফরসা, লম্বা; হতে হবে ‘জিরো ফিগার’। হ্যাঁ, রানী মুখার্জি কিংবা সোনাক্ষী সিনহার মতো ‘কিউট’ হলে ওজনে কিছুটা ছাড় পেতে পারেন। না হলে দীপিকা-ক্যাটরিনাদের মতো ‘পাটকাঠি’দেরই জয়জয়কার।
এর কোনোটাই সেভাবে নেই বলে চলচ্চিত্রজগৎকে ভালোবাসলেও ভূমি পেড়নেকার ক্যামেরার পেছনের জায়গাটিই বেছে নিয়েছিলেন। ছয় বছর ধরে সহকারী হিসেবে কাজ করেছেন যশরাজ ফিল্মসে। হুট করেই দাঁড়ালেন ক্যামেরার সামনে। আর প্রথম ছবিতেই বাজিমাত! দম লাগাকে হেঁইসা দিয়ে দর্শক-সমালোচক সবার মন জিতে নিলেন। প্রথম ছবি দিয়ে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার পুরস্কারও।
‘সন্ধ্যা’ চরিত্রটির জন্য ২০ কেজি ওজন বাড়িয়ে ৮০ কেজি ওজনের ‘মটু’ এক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। তাতে এত সাফল্য পাওয়ার পর ভূমির মন্তব্য, ‘বলিউড মানেই শুধু রূপের কদর নয়, এখানে প্রতিভাটাই শেষ কথা। আমাদের দর্শকদের ছবির রুচি অনেক বদলে গেছে। দর্শকেরা এখন ভিন্ন ধরনের শারীরিক গঠনের অভিনয়শিল্পীকে সাদরে বরণ করছেন। জিরো সাইজের কোনো অস্তিত্ব আর নেই।’
আবার ২০ কেজি ওজন কমিয়ে ভূমি এখন আছেন ৫৭-তে। নতুন ছবি মানমার্জিয়ার জন্য ওজন কমিয়েছেন। ওজন কমানোর আশ্চর্য প্রদীপ আছে নাকি—ভূমির মনমর্জিমতোই যে ওজন কমছে-বাড়ছে! আইএএনএস।