ভূমির সাত
দম লাগা কে হাইশা, টয়লেট এক প্রেম কথা, শুভ মঙ্গল সাবধান—পেছনের দিকে তাকালে ভূমি পেড়নেকরের সফলতা চোখে পড়ার মতো। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর বাধাই দো ছবিটি। এই ছবির সঙ্গে ভূমির অভিনয়জীবনের শুরুটা একেবারে মিলে যায়। তাই একটু নস্টালজিক হয়ে পড়লেন তিনি। হিসাব করে দেখলেন, এরই মধ্যে পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। ২৭ ফেব্রুয়ারি ক্যারিয়ারের সাত বছর পার হবে তাঁর।
ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সহপরিচালক হিসেবে। তবে অভিনেত্রী ভূমিকেই সবাই চেনেন। এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভাগ্যবান। সাত বছরের ক্যারিয়ারে বাধাই দো আমার দশম ছবি। এই ছবির সঙ্গে আমার ক্যারিয়ার শুরুর অনেক কিছু যুক্ত। ছবিটি সেই মাসে মুক্তি পেল, যে মাসে আমার অভিনীত প্রথম ছবি মুক্তি পেয়েছিল। আমার প্রথম ছবি দম লাগা কে হাইশা যেখানে শুটিং হয়েছিল, সেই একই স্থানে আমার এই ছবিরও শুটিং হয়েছে।’
বলিউডের গতানুগতিক ‘নায়িকা’ চরিত্রে অভিনয় করেননি ভূমি, বরং প্রথম ছবি থেকেই তাঁর চরিত্রগুলো হয়ে উঠেছে বহুমাত্রিক। ভূমি বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে নানা ধরনের দাপুটে চরিত্র আর নানা স্বাদের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি। দর্শক আমার কাজ পছন্দ করেছেন। আমার বিশ্বাসই হচ্ছে না যে এই ২৭ ফেব্রুয়ারি আমার ক্যারিয়ারের সাত বছর পূর্ণ হবে। আমার ভেতরে আজও প্রতিটি চরিত্র আর চিত্রনাট্য নিয়ে একই রকম ভীতি আর রোমাঞ্চ কাজ করে, যা সেই প্রথম ছবির সময়ে ছিল।’
বাধাই দো ছবিটি মুক্তির পর থেকে আনন্দিত ভূমি। সমকামী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত এই ছবিতে ভূমির অভিনীত চরিত্রটি সবাইকে চমকে দিয়েছে। ভূমি বলেন, ‘গণমাধ্যম আমার কাজের যেভাবে প্রশংসা করছে, তাতে আমি আপ্লুত। দর্শকের মতামত আর প্রতিক্রিয়া শুনে আমি অভিভূত।’
ছবিতে ভূমির চরিত্রের নাম সুমি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুমি আমার কাছে বিশেষ। কারণ, এ ধরনের ঝাঁজালো আর সাহসী চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। আশা করি এই চরিত্রে অভিনয়ের পর সমাজের প্রতি আমার সামান্য হলেও কিছু অবদান থাকবে।’
ভূমিকে আনন্দ এল রাই পরিচালিত রক্ষা বন্ধন ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অক্ষয় কুমার। এ ছাড়া আরও দুটি প্রকল্প হাতে আছে তাঁর।