ভেবেছিলেন অন্য কিছু

মায়ের পায়ের ছাপ ধরে ধরে এগোচ্ছেন। মায়ের মতোই অভিনয়ে এসে দ্রুতই নাম কুড়িয়েছেন। এবার মায়ের মতোই ক্যামেরার পেছন থেকে ‘অ্যাকশন’ বলে উঠছেন। অপর্ণা সেনের মেয়ে কঙ্কণা সেন শর্মা এবার পরিচালকের খাতায় নাম লেখালেন। পুরোদমে চলছে তাঁর আ ডেথ ইন দ্য গঞ্জ-এর শুটিং। অপর্ণা তাঁর প্রথম ছবি থার্টি সিক্স চৌরঙ্গী লেন দিয়েই কাঁপিয়ে দিয়েছিলেন। জিতেছিলেন জাতীয় পুরস্কার। কঙ্কণার ওপরও নিশ্চয়ই সেই প্রত্যাশা পূরণের চাপ?
মজার ব্যাপার হলো, এ নিয়ে এই বাঙালি অভিনেত্রী নাকি একদমই মাথা ঘামাচ্ছেন না। বিখ্যাত মায়ের সন্তান হয়ে পদাঙ্ক অনুসরণ করার চাপ তো আছেই। তবে কঙ্কণা বললেন, মায়ের মতো অভিনেত্রী, এরপর পরিচালক—কোনোটাই হওয়ার ইচ্ছা ছিল না।
কঙ্কণা বলেছেন, ‘সত্যি বলছি, পরিচালক হওয়া তো দূরের কথা, কোনো দিন ভাবিইনি অভিনেত্রী হব।’ গল্পটা ভালো লেগেছিল বলে অভিনয়ে আসা। পরিচালক হওয়ার পেছনেও কাজ করেছে সেই ‘ভালো গল্প’ই। জানিয়েছেন কঙ্কণা।
ইন্ডিয়ান এক্সপ্রেস