ভোগ প্রচ্ছদে উজ্জ্বল সোনম

এই তো কদিন আগে কান উৎসবের লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্টাইল সৌন্দর্যের আভিজাত্যে এ অভিনেত্রী সবার দৃষ্টি আকর্ষণ করেন। কান উৎসবের সেই সৌন্দর্যের রেশ কাটতে না কাটতেই ভোগ-এর প্রচ্ছদকন্যা হয়ে আবার আলোচনায় সোনম। বিশ্বখ্যাত এই ফ্যাশন সাময়িকীর দশম বর্ষপূর্তির প্রচ্ছদকন্যা তিনি। সোনম নিজেই প্রচ্ছদটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ভোগ-এর প্রচ্ছদে সোনম পরেছেন মেরুন শার্টের সঙ্গে হালকা নীল রঙের এমব্রয়ডারি করা জ্যাকেট। এলোমেলো চুলের সঙ্গে স্মোকি সাজে দারুণ মানিয়েছে তাঁকে। আর মুখের ওপর পড়া রোদ ভিন্ন এক মাত্রা এনে দেয় সোনম কাপুরের ছবিটিকে।
অনিল কাপুরের মেয়ে সোনম বর্তমানে অক্ষয় কুমারের বিপরীতে ‘প্যাড ম্যান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। কান উৎসব থেকে ফিরে আবারও এই সিনেমার কাজে মন দিয়েছেন তিনি। টুইংকেলের প্রযোজনা প্রতিষ্ঠান মিসেস ফানি বোনস মুভিজের ব্যানারে নির্মিত ‘প্যাড ম্যান’ সিনেমায় অক্ষয় কাপুর ও সোনম কাপুর ছাড়া অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন রাধিকা আপ্তে ও অমিতাভ বচ্চন প্রমুখ।
প্রসঙ্গত, এর আগেও ভোগ সাময়িকীর প্রচ্ছদে মডেল হয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা।